আলবেনিয়ার রাজধানী তিরানা এখন উত্তপ্ত। ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং কন্যা ইভাঙ্কা ট্রাম্পের ১.২ বিলিয়ন ডলার মূল্যের একটি বিশাল পর্যটন প্রকল্পের বিরুদ্ধে টানা চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, এই বিলাসবহুল হোটেল ও পর্যটন হাব নির্মাণের পরিকল্পনা দেশটির সংরক্ষিত ‘ভ্লোশা-নার্তা’ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যকে ধ্বংস করবে।
বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সজান দ্বীপ, যা কমিউনিস্ট আমলে একটি গোপন সামরিক ঘাঁটি ছিল। বর্তমানে এটিকে বিলাসবহুল পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণ কাজের প্রস্তুতির ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি সংরক্ষিত এলাকায় নিরাপত্তা রক্ষীদের হাতে এক ব্যক্তি মারধরের শিকার হওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরণের রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা ‘প্রধানমন্ত্রী এডি রামা, পদত্যাগ করুন’ স্লোগান তুলে এবং ইভাঙ্কা ট্রাম্পের কাছে জাতীয় সম্পদ তুলে দেওয়ার প্রতীকী পোস্টার প্রদর্শনের মাধ্যমে সরকারের তীব্র বিরোধিতা করছেন।
বিক্ষোভকারীরা সরকারের বিতর্কিত ‘কৌশলগত বিনিয়োগকারী আইন’ এবং ‘সংরক্ষিত এলাকা আইন’-এর সংশোধনী বাতিলের দাবি তুলেছেন, যা মূলত বড় বড় নির্মাণ প্রকল্পের পথ সহজ করে দিয়েছে। মানবাধিকার কর্মী লুসিয়ানা কোকাজ বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদ ধ্বংস ও অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না।” ইতিমধ্যে দেশটির দুর্নীতি দমন দপ্তর প্রকল্পটি নিয়ে তদন্ত শুরু করেছে। দেশের ২২ শতাংশ সংরক্ষিত ভূমি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বচ্ছ উন্নয়নের দাবিতে আলবেনিয়ার মানুষ এখন ঐক্যবদ্ধ।





