মথুরায় ধর্মের মোড়কে চরম জঘন্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেন স্বঘোষিত ধর্মগুরু ‘আদিকল্প নারায়ন দাস’, যার আসল নাম অভিষেক মিশ্র। ২৯ বছর বয়সী এই যুবক আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেও বেছে নিয়েছিলেন অপরাধের পথ। গত চার বছর ধরে মথুরার রাধাকুঞ্জ এলাকায় নিজের আস্তানায় বসিয়েছিলেন এই ভণ্ডামির আসর। ইউটিউব চ্যানেল ‘রাধা কৃপা অমৃত’-এর মাধ্যমে ভক্তিভাব প্রচার করে মূলত উচ্চশিক্ষিত ও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের তরুণীদের টার্গেট করতেন তিনি।
অভিযোগ, ধর্মের নামে গালগল্প শুনিয়ে তরুণীদের পরিবারের থেকে বিচ্ছিন্ন করে নিজের আস্তানায় নিয়ে আসতেন অভিষেক। প্রসাদের সাথে মাদক মিশিয়ে তরুণীদের অচেতন করে তাঁদের শারীরিক নির্যাতন করতেন এবং সেই আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতেন। এক সময় তার আস্তানায় প্রায় ২৪ জন যুবক-যুবতী থাকতেন, যাদের ব্রেনওয়াশ করে সে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছিল। ছত্তিশগড়ের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পড়েন এই ‘আইআইটি বাবা’। তার ডিভাইস থেকে উদ্ধার হয়েছে অজস্র আপত্তিকর ভিডিও ও ছবি। প্রাথমিক তদন্তে জানা গেছে, কেবল শারীরিক শোষণই নয়, তরুণীদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিত সে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন জানার চেষ্টা করছে এই অপরাধচক্রের সাথে আর কে কে জড়িত। এই ঘটনা সামাজিক সচেতনতার জন্য এক বড় সতর্কবার্তা।





