প্রয়াগরাজে পেপার লিক ইস্যুতে ছাত্রদের সঙ্গে আলোচনার সময় বাধা পাওয়ার ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। আপ নেতা সঞ্জয় সিংয়ের ওপর প্রশাসনিক হস্তক্ষেপের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার পেপার লিক সমস্যা সমাধানে উদাসীন, বরং এই নিয়ে কোনো আলোচনা চললে তা থামাতে মরিয়া তারা।
সোমবার প্রয়াগরাজে ছাত্রদের সঙ্গে পেপার লিক নিয়ে কথা বলার সময় পুলিশ ও প্রশাসনের বাধার মুখে পড়েন সঞ্জয় সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি কর্মকর্তাদের প্রশ্ন করছেন—লাখো ছাত্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলা কি এখন বেআইনি? সঞ্জয় সিং দাবি করেন, কনফারেন্স রুমে আলোচনা করতেও বাধা দিচ্ছে প্রশাসন। তিনি স্পষ্টতই মোদী-যোগী সরকারের ‘ডবল ইঞ্জিন’ মডেলকে ব্যর্থ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, NEET-UG ২০২৬ সংক্রান্ত বিতর্ক এবং পেপার লিক নিয়ে দেশজুড়ে চলা উত্তাল আন্দোলনের মধ্যেই এই ঘটনা নতুন মাত্রা যোগ করল। সিবিআই তদন্ত চালালেও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়নি। কেজরিওয়ালের মতে, বিজেপি পেপার লিকের সত্যতা আড়াল করতে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে।





