সরকারি শর্ত না মানলে বন্ধ ভাতা! অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

রাজ্যজুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ প্রক্রিয়া। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। তবে ১২ পাতার দীর্ঘ এই ফর্ম এবং তাতে চাওয়া একাধিক ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। এই ফর্মের ৯ নম্বর পাতায় পরিবারের শিশুদের টিকাকরণ সংক্রান্ত তথ্যের যে কলাম রাখা হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে কৌতূহল। কেন সরকারি ভাতার সঙ্গে শিশুদের স্বাস্থ্যের সরাসরি যোগ করা হলো, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরাসরি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে সরকারি শর্তাবলি মেনে চলা বাধ্যতামূলক। শিশুদের টিকাকরণের প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “শিশুদের নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত জরুরি। সরকারের দেওয়া ভ্যাকসিন আপনার সন্তান পেয়েছে কি না, তা আমাদের জানার অধিকার আছে। যদি আপনারা সরকারি নিয়ম মেনে টিকা না দেন, তবে বুঝতে হবে সরকারের নির্দেশ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সেক্ষেত্রে সরকারের দেওয়া ৩ হাজার টাকার ভাতার দাবিই বা আপনারা কেন করছেন?” মন্ত্রীর এই মন্তব্যের পরই স্পষ্ট হয়ে গেছে, সরকারি নির্দেশ পালন না করলে ভাতার টাকা পাওয়া অনিশ্চিত।

ফর্ম পূরণ নিয়ে মন্ত্রী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছেন। পরিবারের শিশুদের স্কুল এবং শিক্ষার মাধ্যম সম্পর্কেও তথ্য দিতে হবে। বিশেষ করে খারিজি মাদ্রাসায় পড়ুয়া সন্তানদের নিয়ে মন্ত্রী জানান, খারিজি মাদ্রাসা সরকারিভাবে স্বীকৃত নয়। তাই সরকারের নিয়ম না মানলে বা অননুমোদিত প্রতিষ্ঠানে সন্তান পড়াশোনা করলে অন্নপূর্ণা যোজনার ভাতা থেকে বঞ্চিত হতে হবে। অর্থাৎ, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা শুধুমাত্র নিয়ম মেনে চলা পরিবারগুলোই পাবে।

এদিকে জানা গেছে, ডিবিটি (DBT) বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে আগামী ৩ জুন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। ওই একই দিনে নবান্ন থেকে সরাসরি কয়েকজনকে প্রতীকীভাবে ভাতার টাকা তুলে দেওয়া হবে। সব মিলিয়ে, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে সরকার যে কোনো প্রকার ঢিলেমি বরদাস্ত করবে না, তা মন্ত্রীর বক্তব্যেই পরিষ্কার। তাই আবেদনকারী প্রত্যেককে প্রতিটি কলাম এবং শর্তাবলি সতর্কতার সঙ্গে পূরণ করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy