পুকুরের নিচে কী লুকিয়ে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিন্হার? রহস্যভেদে ফের কান্দিতে ইডি!

মুর্শিদাবাদের কান্দিতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত শুক্রবার তল্লাশির পর সিল করে দেওয়া প্রাক্তন পুলিশ আধিকারিক শান্তনু সিন্হা বিশ্বাসের পৈতৃক বাড়িতে মঙ্গলবার সকালে ফের হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জেমো বিশ্বাসপাড়ার এই বাড়িতে ৪টি গাড়িতে চেপে পৌঁছন ইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে সঙ্গে রাখা হয়েছিল আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মামণি রাজবংশীকে। শান্তনুর সম্পত্তির খতিয়ান তৈরি করতেই মূলত এই অভিযান, যা পরবর্তীকালে আদালতে পেশ করা হবে।

কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ওই বাড়ির বিশাল একটি পুকুর। সূত্রের খবর, ইডির নজরে রয়েছে পুকুরটি। পুকুরপাড়ের পুরোনো পাঁচিলের ওপর নতুন করে ৪ ফুটের প্রাচীর তোলা হয়েছে এবং তার ওপর রয়েছে কাঁটাতারের বেড়া। পুরো পুকুরটি সিসি ক্যামেরায় মোড়া। প্রশ্ন উঠছে, অতীতে বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যেমন পুকুরে মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন, শান্তনুও কি ঠিক তেমনই কোনো গুরুত্বপূর্ণ নথি বা মোবাইল ফোন লুকিয়েছেন এই পুকুরে?

শান্তনু সিন্হা বিশ্বাসের মোবাইল ফোন এখনও উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা। মোবাইল ফোন না পাওয়ায় তদন্তের জট খুলতে বড় ধরনের পদক্ষেপ নিতে পারে ইডি। পুকুর থেকে জল সেঁচে বা ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের দাবি, ইডি আধিকারিকরা সন্দেহ করছেন, পুকুরের গভীরে হয়তো লুকিয়ে রাখা হয়েছে কোনো বড় ‘খাজানা’ বা গুরুত্বপূর্ণ প্রমাণ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শান্তনু এই বাড়িতেই বেড়ে উঠেছেন। তার দিদি গৌরী বিশ্বাস কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। গত ১০ বছর ধরে তিনি কাউন্সিলর। স্থানীয়দের কথায়, মাত্র ২-৩ বছর আগেও এই পৈতৃক বাড়িটি কার্যত ধ্বংসস্তূপের মতো ছিল। কিন্তু গত কয়েক বছরে রাতারাতি ভোল বদলে বাড়িটি রাজপ্রাসাদের রূপ নিয়েছে। আগে পুকুরের জল অত্যন্ত স্বচ্ছ থাকলেও, গত দু’বছর ধরে সেটি পরিষ্কার করা হয়নি এবং বর্তমানে তা নোংরা হয়ে রয়েছে। প্রতিবেশীদের দাবি, পুকুরটি সংস্কার না হওয়ার আড়ালে হয়তো কোনো গোপন উদ্দেশ্য রয়েছে। গত শুক্রবার তালা ভেঙে বাড়িতে ঢোকার পর ইডি তা সিল করে দিয়েছিল। মঙ্গলবার সেই সিল খুলেই নতুন করে শুরু হয় সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি। এখন দেখার, পুকুরের জল নিকাশি বা তল্লাশির পর কোনো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy