বিয়ে মানেই উৎসবের আমেজ, হইহুল্লোড়, ভূরিভোজ আর উপহারের লেনদেন। কিন্তু মহারাষ্ট্রের নান্দেড় জেলার বাহাদরপুরা গ্রামে এমন এক বিয়ে হলো, যা ছাপিয়ে গেল সাধারণ সব প্রথাকে। প্রথাগত রিটার্ন গিফটের বদলে বর সিদ্ধেশ্বর পেঠকর তাঁর বিয়ের অনুষ্ঠানে গোটা গ্রামকে যা উপহার দিলেন, তা দেখে তাজ্জব গোটা দেশ। বিয়ের স্মৃতি হিসেবে কোনো দামি শোপিস বা মিষ্টি নয়, বরং তিনি প্রতিটি গ্রামবাসীর জন্য বেছে নিলেন সামাজিক নিরাপত্তার পথ—দুর্ঘটনা বিমা।
ঘটনার সূত্রপাত কন্ধার তালুকের ওই ছোট্ট গ্রামে। সিদ্ধেশ্বর পেঠকরের বিয়ের উপলক্ষকে কেন্দ্র করে পুরো গ্রাম যেন এক পরিবার হয়ে উঠেছিল। অতিথিদের আপ্যায়নের পাশাপাশি বরের পরিবার সিদ্ধান্ত নেয়, গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর এটাই সেরা সময়। সেই ভাবনা থেকেই বাহাদরপুরা গ্রামের মোট ৩,৪৬৫ জন বাসিন্দার প্রত্যেকের নামে ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা উপহার দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই বিমা প্রকল্পের মোট মূল্য প্রায় ৩৪ কোটি ৬৫ লক্ষ টাকা।
এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে গ্রামের প্রতিটি মানুষ এখন এক বিশেষ আর্থিক সুরক্ষার কবচ পেলেন। বিয়ের পিঁড়িতে বসার আগে বরের পরিবারের এই সামাজিক দায়বদ্ধতার বার্তা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, জীবনে বহু বিয়ে দেখেছেন, কিন্তু এমন মানবিক ও সুদূরপ্রসারী উপহার এর আগে কখনো দেখেনি তারা। গ্রামের প্রবীণ থেকে নবীন—সবাই বরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, বরং সমাজের সঙ্গে আত্মীয়তা গড়ে তোলার একটি মাধ্যম—এই ঘটনা যেন সেটাই আবার প্রমাণ করল। এই বিমা কেবলমাত্র একটি কাগজ নয়, বরং বিপদের দিনে গ্রামবাসীদের বড় ভরসার জায়গা হয়ে থাকবে। অনেকেই মনে করছেন, বর্তমান সময়ে যেখানে আড়ম্বরই বিয়ের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে সিদ্ধেশ্বরের এই পদক্ষেপ এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিয়ের আনন্দের পাশাপাশি নিরাপত্তা ও আশ্বাসের এই উপহার বাহাদরপুরা গ্রামের মানুষের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। বরের পরিবারের এই অভিনব উদ্যোগকে সামাজিক সুরক্ষার এক অনন্য মডেল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরাও।





