বিহারের অপরাধীদের দমনে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ‘অপারেশন ল্যাংড়া’ যখন জোরকদমে চলছে, ঠিক তখনই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল এক চরম লজ্জাজনক ঘটনা। মোকামার নৌরঙ্গা গ্রামে কুখ্যাত গ্যাংস্টার সোনু মনুর ডেরায় তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে পৌঁছাতেই উল্টো চিত্র দেখা গেল। পুলিশের হাতকড়া পরানোর বদলে অপরাধীর পরিবার ও সমর্থকরা খোদ পুলিশ অফিসারদেরই ঘিরে ধরে, তল্লাশি চালায়।
এই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা লাইনে দাঁড়িয়ে নিজেদের তল্লাশি করাচ্ছে। মোকামার বিধায়ক আনন্দ সিংয়ের ঘনিষ্ঠ মুকেশ কুমারকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে সোনু-মনু গ্যাংয়ের খোঁজে গিয়েছিল পুলিশ। তবে দুষ্কৃতীদের ভয়ে বা তাদের চাপে পড়ে পুলিশ কর্মীদের এই নতিস্বীকার ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনার দায়ভার নিয়ে পুলিশ সদর দপ্তর তড়িঘড়ি লাইনে দাঁড়িয়ে থাকা দুই অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। নামমাত্র তল্লাশিতে গ্যাংস্টার সোনুকে তো গ্রেপ্তার করা দূরে থাক, পুলিশের খালি হাতে ফেরার ঘটনা বিহারে আইনের শাসন নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে গত এক মাসে ‘অপারেশন ল্যাংড়া’য় ১৫ জন অপরাধী খতম হয়েছে, অন্যদিকে খোদ পুলিশের এই অসহায় আত্মসমর্পণের ছবি বিহারের প্রশাসনকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।





