২০০৭ সালের চাঞ্চল্যকর জামিয়া নগর থানা পোড়ানোর মামলায় আরও বড় বিপদের মুখে পড়লেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মোহাম্মদ খান। দীর্ঘ ১৯ বছর পর দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এই মামলায় আসিফ খান সহ ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে। তাঁর বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেওয়া, বেআইনি সমাবেশ এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।
২০০৭ সালের ২২শে আগস্ট জামিয়া নগরে এক হিংসাত্মক ঘটনা ঘটেছিল। পুলিশি অভিযোগ অনুযায়ী, প্রাক্তন বিধায়ক আসিফ খান তাঁর অনুগামীদের নিয়ে একটি জনতা জড়ো করেন এবং পুলিশ স্টেশনে হামলার জন্য প্ররোচনা দেন। এই ঘটনায় উত্তেজিত জনতা পাথর ছুড়ে এবং অগ্নিসংযোগ করে থানাটি পুড়িয়ে দেয়। ভয়াবহ এই দাঙ্গায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছিলেন এবং বেশ কয়েকজন পুলিশ কর্মীসহ মোট ১৮ জন গুরুতর আহত হয়েছিলেন। ধ্বংস হয়েছিল বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আদালতের ম্যাজিস্ট্রেট এই মামলায় আসিফ খান সহ ১৩ জনের বিরুদ্ধে আইপিসির ১৪৮, ১৪৯, ১৮৬, ৩০৭ এবং ৩৯৫ ধারায় অভিযোগ গঠন করেছেন। তবে স্বস্তির খবর মিলেছে অন্য ১৭ জন অভিযুক্তের ক্ষেত্রে, যাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় আদালত তাঁদের এই মামলা থেকে সম্পূর্ণ খালাস দিয়েছে। ১৯ বছর পুরোনো এই মামলার বিচারপ্রক্রিয়া এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।





