রণিত রায়ের নাম করে মহিলাদের টার্গেট! ভয়ংকর সাইবার ফাঁদের পর্দাফাঁস করলেন অভিনেতা

বর্তমান ডিজিটাল যুগে সেলিব্রিটিদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর ঘটনা নতুন নয়। কিন্তু এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা রণিত রায়ের নাম করে চালানো হচ্ছে এক ভয়ংকর সাইবার জালিয়াতি। টার্গেট মূলত মহিলারা। এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় চটেছেন রণিত। চুপ করে না থেকে সোজা সাইবার অপরাধীকে দিলেন কড়া হুঁশিয়ারি, “পুলিশ আসছে তোমার জন্য!”

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। রণিত রায়ের নজরে আসে যে, কেউ একজন তাঁর নাম ও ছবি ব্যবহার করে সোশাল মিডিয়ায় মহিলাদের সঙ্গে যোগাযোগ করছে। শুধু তাই নয়, অভিনেতার নামে টাকা চাওয়া হচ্ছে এবং ভুয়ো বুকিং নেওয়ারও চেষ্টা চলছে। বিষয়টি জানতে পেরেই প্রমাণ-সহ গোটা ঘটনা জনসমক্ষে নিয়ে এসেছেন অভিনেতা।

নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ওই জালিয়াতের সঙ্গে কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন রণিত। ভক্তদের সতর্ক করে তিনি লিখেছেন, “আমার নজরে এসেছে যে, কেউ আমার নাম করে বিশেষ করে মহিলাদের সঙ্গে যোগাযোগ করছে এবং টাকা চাইছে। এই ব্যক্তি আমার নামে বুকিং নেওয়ারও চেষ্টা করছে।” প্রতারক ৩৩১৮০৮৫৬৮৫ (3318085685) এই ‘জ্যাঙ্গি’ (Zangi) নম্বরটি ব্যবহার করছে এবং অভিনেতার নামে একটি ভুয়ো ইমেল আইডি খুলে এই জালিয়াতি চালাচ্ছে।

ফ্যানদের আশ্বস্ত করে রণিত স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কখনও সোশাল মিডিয়ায় কোনো মহিলার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করে টাকা বা অন্য কোনো সুবিধা চান না। অভিনেতার সাফ কথা, “দয়া করে মনে রাখবেন, আমি বা আমার টিমের কেউ কখনও কারও কাছে এভাবে টাকা চাইব না। যদি আপনারা এমন কারও সন্ধান পান, অবিলম্বে আমার নজরে আনবেন।”

জালিয়াতকে কড়া ভাষায় বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, তার দিন এবার শেষ। রণিত জানিয়েছেন, বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন এবং আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিনেতার এই সাহসিকতায় নেটিজেনরা তাঁকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে বলছেন, সময়মতো তিনি মুখ খোলায় হয়তো বহু মানুষ বড়সড় প্রতারণার হাত থেকে বেঁচে গিয়েছেন।

পেশাগত জীবনে, রণিত রায়কে খুব শীঘ্রই ‘তিন কৌয়ে’ (Teen Kauwe) সিরিজে দেখা যাবে। রায় কাপুর ফিল্মস এবং সিদ্ধার্থ রায় কাপুরের প্রযোজনায় তৈরি এই সিরিজের নির্দেশনায় রয়েছেন প্রিয়াঙ্কা ঘোষ। তার আগে সোশাল মিডিয়ায় এই সাইবার জালিয়াতির বিরুদ্ধে তাঁর লড়াই এখন চর্চার কেন্দ্রে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy