অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরনিগমের নোটিস! কি বললেন মেয়র ফিরহাদ হাকিম?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ও হরিশ মুখার্জি রোডের সম্পত্তিতে ‘অবৈধ নির্মাণ’ চিহ্নিত করে কলকাতা পুরনিগমের নোটিস ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। পুরনিগমের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে এই অবৈধ অংশ ভেঙে ফেলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় পুরনিগম নিজেই তা ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছে।

এই নোটিস পাওয়ার পর মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে এটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি স্পষ্ট করে বলেন, “এইসব করে আমার মাথা নত করা যাবে না, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে।”

অন্যদিকে, এই ঘটনায় মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য প্রশাসনিক জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি দাবি করেন, এই বিষয়ে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি এবং এই সিদ্ধান্তের সঙ্গে তিনি সরাসরি যুক্ত নন। মেয়র বলেন, “KMC অ্যাক্ট অনুযায়ী আমি পলিসি মেকার, কোনো বাড়ির অংশ ভাঙার সিদ্ধান্ত নেওয়া আমার এক্তিয়ারভুক্ত নয়। বিল্ডিং বিভাগ বা পুর কমিশনার এই সিদ্ধান্ত নিতে পারেন, এতে মেয়র হিসেবে আমার সরাসরি ভূমিকা নেই।” মেয়রের এই বক্তব্যে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পুর কমিশনারের অধীনে থাকা বিল্ডিং বিভাগের এই সিদ্ধান্তে এখন রাজ্য রাজনীতি সরগরম।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy