উত্তর কলকাতার বনেদি বাড়ি এবং তার ওপর প্রোমোটারদের শকুন-দৃষ্টি— এই চেনা জ্বলন্ত সমস্যা এবার উঠে আসছে রূপোলি পর্দায়। পরিচালক অনুপ দাসের নতুন ছবি ‘রেখা’-র হাত ধরে এবার প্রোমোটাররাজের বিরুদ্ধে গর্জে উঠলেন বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারের ফড়িয়াপুকুর এলাকায় বর্তমানে জ্যৈষ্ঠের তীব্র গরমকে উপেক্ষা করে পুরোদমে চলছে এই ছবির শুটিং।
ছবির গল্প আবর্তিত হয়েছে উত্তর কলকাতার প্রবীণ বাসিন্দা রেখা ভট্টাচার্যকে (মমতা শঙ্কর) কেন্দ্র করে। আচমকা তাঁর পুরনো বাড়িতে প্রোমোটার হানা দিলে তিনি দমে না গিয়ে সমাজমাধ্যমে ভিডিও বার্তার সাহায্যে প্রতিবাদ গড়ে তোলেন। মায়ের এই বিপদের খবর পেয়ে বিদেশ থেকে তড়িঘড়ি কলকাতায় ছুটে আসে তাঁর মেয়ে রিয়া সেন এবং জামাই ঈশান মজুমদার। ছবিতে রিয়ার চরিত্রটি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। অন্যদিকে, রেখার সংসার সামলানোর সহকারী ‘বুলি’-র চরিত্রে অভিনয় করছেন স্বয়ং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তাঁর প্রেমিকের ভূমিকায় রয়েছেন সায়ন মুন্সী।
মমতা শঙ্কর নিজের চরিত্রটি নিয়ে জানান, “রেখা ভট্টাচার্য আসলে ঠিক আমারই মতো লড়াকু মনের।” প্রসঙ্গত, এই চরিত্রে প্রথমে বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলির অভিনয় করার কথা ছিল। কিন্তু চতুর্থবার ক্যানসার থাবা বসানোয় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাঁর পরিবর্তে মমতা শঙ্করকে কাস্টিং করা হয়। পরিচালকের শাশুড়ির জীবনে ঘটা বাস্তব অন্যায়ের প্রতিবাদ জানাতেই এই ছবি তৈরি হচ্ছে।





