অবশেষে কাটল জট। সল্টলেকের চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ শুরু হচ্ছে ১৫ মে থেকেই। আর এই মহাযজ্ঞের কারণেই আগামী দুই সপ্তাহান্তে মহানগরীর লাইফলাইন ইএম বাইপাসে ব্যাপক যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। দুই দফায় মোট ১২০ ঘণ্টা যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে।
প্রথম পর্যায় (১৫ মে রাত ৮টা – ১৮ মে সকাল ৮টা):
এই সময়ে বাইপাসের পশ্চিম দিক বন্ধ থাকবে। বিমানবন্দর ও সল্টলেকগামী গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে নতুন উত্তরমুখী রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। তবে বাইপাসের দক্ষিণমুখী যান চলাচল স্বাভাবিক থাকবে।
দ্বিতীয় পর্যায় (২২ মে রাত ৮টা – ২৫ মে সকাল ৮টা):
দ্বিতীয় দফায় পূর্ব দিকের অংশ বন্ধ থাকবে। নিউ টাউন বা সল্টলেক থেকে আসা গাড়িগুলিকে চিংড়িঘাটা থেকে কেবল বাঁ-দিকে ঘোরার অনুমতি দেওয়া হবে। উত্তরমুখী গাড়ির ক্ষেত্রে মেট্রোপলিটন থেকে ইউ-টার্ন নিতে হবে। পাশাপাশি, পণ্যবাহী গাড়ির প্রবেশে জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। গন্তব্যে পৌঁছাতে হাতে বাড়তি সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছে ট্রাফিক বিভাগ।





