রাজস্থানের ভিলওয়ারাতে ভোররাতে ঘটে গেল এক শিউরে ওঠার মতো পথ দুর্ঘটনা। জাতীয় সড়ক ৪৮-এর মন্ডল মোড়ের কাছে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই পুলিশ কর্মীসহ মোট তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চুরির মামলার এক অভিযুক্তকে জেরা করার জন্য নিজেদের মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার পথেই এই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই পুলিশ আধিকারিকের নাম হেড কনস্টেবল লেখরাজ বাগরি এবং কনস্টেবল রবীন্দ্র কুমার জাট। তাঁরা দুজনেই চিতোরগড় জিআরপি থানায় কর্মরত ছিলেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মন্ডল এলাকা থেকে ছোটু ভিল নামের এক বাইক চুরির সন্দেহভাজন অভিযুক্তকে নিয়ে তাঁরা ভিলওয়ারার দিকে যাচ্ছিলেন। মন্ডল মোড়ের কাছাকাছি আসতেই পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্রাক সজোরে তাঁদের মোটরসাইকেলটিতে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে, ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মীর মৃত্যু হয়। রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন অভিযুক্ত ছোটু ভিলও। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুলিশ এবং অ্যাম্বুলেন্সে খবর দিলে আহত অভিযুক্তকে উদ্ধার করে মহাত্মা গান্ধী হাসপাতালে পাঠানো হয়। তবে শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মারা যায় সেও।
এই দুর্ঘটনার পেছনে সরকারি পরিকাঠামোর একটি বড় অভাবও সামনে এসেছে। জানা গেছে, ঘটনার সময় থানায় ওই অভিযুক্তকে নিয়ে যাওয়ার মতো কোনো বড় সরকারি গাড়ি বা ভ্যান মজুত ছিল না। সেই কারণেই নিরুপায় হয়ে দুই পুলিশ কর্মী নিজেদের বাইকেই ছোটুকে বসিয়ে রওনা দিয়েছিলেন।
ব্যস্ততম জাতীয় সড়কে এই ভয়ংকর দুর্ঘটনার জেরে সাতসকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একের পর এক গাড়ির লাইন পড়ে যাওয়ায় প্রায় স্তব্ধ হয়ে যায় হাইওয়ের একদিকের চলাচল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় আধ ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করে চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।





