দেশের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দক্ষ পেশাদারদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে এক বিরাট পদক্ষেপ নিল দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয় (আইপি ইউনিভার্সিটি)। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ নতুন সুযোগ এনে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পাঠ্যক্রমে ৭টি নতুন প্যারামেডিক্যাল কোর্স অন্তর্ভুক্ত করেছে। হাসপাতাল, নামী ক্লিনিক এবং জনস্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই ধরণের কোর্স করা শিক্ষার্থীদের চাহিদা এখন আকাশছোঁয়া।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই সমস্ত নতুন কোর্সে ভর্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি https://ipu.admissions.nic.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। আগামী ৩১শে মে পর্যন্ত আবেদনের পোর্টাল খোলা থাকবে।
কোন কোন নতুন কোর্স চালু হলো?
ভবিষ্যতের বাজারের কথা মাথায় রেখে যে কোর্সগুলো চালু করা হয়েছে, সেগুলো হলো:
১. বিএসসি ক্লিনিক্যাল সাইকোলজি (অনার্স)
২. বিএসসি ইন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড ট্রমা টেকনোলজি (বিএসসি ইএমটিটি)
৩. মাস্টার্স ইন এপিডেমিওলজি ইন্টেলিজেন্স সার্ভিস (ইআইএস) / অ্যাপ্লাইড এপিডেমিওলজি
৪. এমএ ক্লিনিক্যাল সাইকোলজি
৫. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রিহ্যাবিলিটেশন সাইকোলজি (পিজিডিআরপি)
৬. এমএসসি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি (এমএসসি এসএলপি)
৭. ব্যাচেলর অব অপটোমেট্রি
আবেদন ফি কত?
আইপি ইউনিভার্সিটির নির্দেশিকা অনুযায়ী, প্রার্থীদের তাদের পছন্দের কোর্সে ভর্তির আবেদনের জন্য ২৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে কোনো শিক্ষার্থী যদি একের বেশি কোর্সের জন্য আবেদন করতে চান, সে ক্ষেত্রে প্রতিটি কোর্সের জন্য আলাদা করে আবেদন ফি প্রদান করতে হবে।
কেন বাড়ছে এই সমস্ত কোর্সের চাহিদা?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিধি এখন আর শুধু সাধারণ ডাক্তার বা নার্সের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান যুগে ইমার্জেন্সি ট্রমা কেয়ার, মানসিক স্বাস্থ্য বা আচরণগত স্বাস্থ্যসেবা, স্পিচ থেরাপি এবং এপিডেমিওলজির মতো ক্ষেত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আচমকা কোনো দুর্ঘটনা বা ট্রমা সামলানোর জন্য যেমন ইমার্জেন্সি মেডিসিন জানা দক্ষ কর্মীর প্রয়োজন, ঠিক তেমনই বর্তমানের লাইফস্টাইলে মানসিক বিপর্যয় মোকাবিলায় ক্লিনিক্যাল সাইকোলজি ও রিহ্যাবিলিটেশন সাইকোলজির চাহিদা ব্যাপক। ফলে এই কোর্সগুলো সম্পন্ন করার পর শিক্ষার্থীদের সামনে ক্যারিয়ারের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।





