বিহারে আবারও মাথাচাড়া দিয়ে উঠল জঙ্গলরাজ! বুধবার সকালে বিহারের দারভাঙ্গা জেলার ইউনিভার্সিটি থানা এলাকায় এক চাঞ্চল্যকর শ্যুটআউটে প্রাণ হারালেন এক যুবক। দিনের আলোতে হাসান চকের দুর্গা মন্দিরের কাছে এই নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকা এখন উত্তপ্ত।
মৃত যুবকের নাম শ্রাবণ কুমার। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে একটি চা ও জলখাবারের দোকান চালাতেন। ঘটনার সূত্রপাত একটি চেইন ছিনতাইকে কেন্দ্র করে। জানা গেছে, অমিত কুমার নামে এক ব্যক্তি সকালে দুধ কিনতে বেরিয়েছিলেন। সেই সময় মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতী তাঁর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। অমিত বাধা দিলে দুষ্কৃতীরা তিন রাউন্ড গুলি চালায়, তবে তিনি অল্পের জন্য বেঁচে যান। ঠিক সেই মুহূর্তেই সামনে চলে আসেন শ্রাবণ। দুষ্কৃতীরা সরাসরি তাঁর বুক লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় শ্রাবণকে ডিএমসিএইচ (DMCH) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় দারভাঙ্গা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা টায়ার পুড়িয়ে এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অপরাধীদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এমন খুনের ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।





