সাবধান! ট্রাফিক চালানের মেসেজ আসতেই লিঙ্কে ক্লিক করছেন? এক নিমেষে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, প্রতারকদের জাল বিস্তারের ধরণও ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। মানুষের ভয় এবং দ্রুত প্রতিক্রিয়ার সুযোগ নিয়ে এবার এক নতুন ডিজিটাল জালিয়াতির ফাঁদ পেতেছে প্রতারকরা। সম্প্রতি ‘ভুয়ো ট্রাফিক চালান’-এর মাধ্যমে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই বিষয়ে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাঙ্ক ICICI তার গ্রাহকদের বিশেষ ইমেলের মাধ্যমে সতর্কবার্তা পাঠিয়েছে।

কিভাবে পাতা হচ্ছে এই মরণফাঁদ?
প্রতারকরা আপনার মোবাইলে একটি এসএমএস (SMS) পাঠাবে, যেখানে দাবি করা হবে যে আপনার গাড়ির নামে একটি ট্রাফিক চালান বকেয়া রয়েছে। মেসেজটি এমনভাবে তৈরি করা হয় যাতে আপনার মনে হয় এটি সরাসরি সরকারি দফতর থেকে এসেছে। আপনার বিশ্বাস অর্জনের জন্য সেই চালানের পরিমাণ খুব সামান্য (যেমন ১০০ বা ২০০ টাকা) দেখানো হয়। মানুষ সাধারণত অল্প টাকা দেখে এবং আইনি ঝামেলা এড়াতে খুব দ্রুত মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেয়।

ক্লিক করলেই শুরু হয় প্রতারকদের ‘আসল খেলা’
একবার আপনি সেই ভুয়ো লিঙ্কে ক্লিক করলে সেটি আপনাকে একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, যা দেখতে হুবহু সরকারি পোর্টালের মতো। সেখানে আপনি যখনই আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর, সিভিভি (CVV) এবং ওটিপি (OTP) দেবেন, তখনই আপনার ফোনের নিয়ন্ত্রণ বা ব্যাঙ্কিং তথ্য প্রতারকদের হাতে চলে যাবে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা উধাও হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ম্যালওয়্যার বা ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, যা আপনার ব্যক্তিগত ছবি ও চ্যাট চুরি করতে সক্ষম।

নিরাপদ থাকতে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ পরামর্শ:
১. সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন: এসএমএস-এ পাওয়া কোনো অজানা লিঙ্কে ক্লিক করে ট্রাফিক জরিমানা দেবেন না। মনে রাখবেন, আসল চালান শুধুমাত্র অনুমোদিত সরকারি পোর্টাল (যেমন parivahan.gov.in) থেকেই চেক করা যায়।
২. চাপের মুখে নতিস্বীকার নয়: আইনি পদক্ষেপ বা জেল-জরিমানার হুমকি দিয়ে মেসেজ পাঠালে ঘাবড়ে যাবেন না।
৩. তথ্য গোপন রাখুন: কার্ডের ডিটেইলস, ওটিপি বা পিন নম্বর কখনোই কোনো লিঙ্কে বা ফোনে কারো সাথে শেয়ার করবেন না।
৪. শর্ট লিঙ্ক থেকে সাবধান: বিটলি (bit.ly) বা টাইনি-ইউআরএল (tinyurl) জাতীয় ছোট লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।

যদি আপনি ইতিমধেই এই ধরণের প্রতারণার শিকার হন, তবে দেরি না করে সরকারি সাইবার ক্রাইম পোর্টাল cybercrime.gov.in-এ অভিযোগ জানান অথবা হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করুন। সন্দেহজনক কোনো মেসেজ পেলে তা sancharsaathi.gov.in পোর্টালে রিপোর্ট করুন। আপনার সচেতনতাই আপনার কষ্টের উপার্জিত অর্থ রক্ষা করতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy