“শুভেন্দুর কলমের এক খোঁচায় বদলি…’-প্রথম দিনেই ১০ আমলার বদলি আর ৬২ জনকে তলব মুখ্যমন্ত্রীর?

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই প্রশাসনিক স্তরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। নবান্নের অলিন্দে এখন পরিবর্তনের স্পষ্ট হাওয়া। প্রশাসনিক রাশ শক্ত করতে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দফতর অর্থাৎ সিএমও-তে (CMO) এক ধাক্কায় ১০ জন আমলাকে নিয়ে এলেন তিনি। আর এই তালিকায় এমন কিছু নাম রয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

প্রথম চালেই সুব্রত গুপ্ত শুভেন্দু অধিকারী তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছেন কমিশনের ‘সুপারহিরো’ বলে পরিচিত সুব্রত গুপ্তকে। এসআইআর (SIR) সামলানো এই দুঁদে আধিকারিককে নিজের পাশে বসিয়ে শুভেন্দু স্পষ্ট করে দিলেন যে, তাঁর সরকার অভিজ্ঞতার ওপর সবথেকে বেশি ভরসা রাখছে।

ভবানীপুর কানেকশন ও সুরজিৎ রায় রদবদলের তালিকায় সবথেকে বড় চমক সুরজিৎ রায়। বিধানসভা নির্বাচনের সময় ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার ছিলেন তিনি। সে সময় তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছিল এবং তাঁকে সরানোর জন্য কমিশনের কাছে দরবার করেছিল। কিন্তু কমিশন তাঁকে সরায়নি। এবার সেই সুরজিৎ রায়কেই সরাসরি নিজের দফতরে (CMO) নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১০ আমলার বদলি: কারা এলেন শুভেন্দুর টিমে? রবিবার কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি করা নির্দেশিকায় ৯ জন আধিকারিককে মুখ্যমন্ত্রীর দফতরে বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন:

  • পি প্রমথ: ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দফতরের যুগ্মসচিব।

  • নবনীত মিত্তল: পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক।

  • ডায়মন্ড হারবারের এসডিও (SDO), পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উপসচিব এবং স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিকসহ আরও ৭ জনকে সিএমও-র সিনিয়র উপসচিব পদে আনা হয়েছে।

পুরানো সচিবদের ভবিষ্যৎ কী? শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব (PS) পদে বসানো হয়েছে শান্তনু বালাকে। ও দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে কর্মরত পবিত্র চক্রবর্তীকে উত্তরবঙ্গের পরিবহণ দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবারই ৬২ জন আমলাকে তলব করেছে নবান্ন। যাঁদের তলব করা হয়েছে, তাঁদের অধিকাংশই পূর্বতন তৃণমূল সরকারের মন্ত্রীদের ব্যক্তিগত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক খোলনলচে বদলে ফেলে কাজে গতি আনাই শুভেন্দুর মূল লক্ষ্য। তবে গত ২৪ ঘণ্টায় যে ভাবে বিজ্ঞপ্তির পর বিজ্ঞপ্তি জারি করে আমলাদের ঘরবদল করা হচ্ছে, তাতে স্পষ্ট যে নবান্নে এখন ‘শুভেন্দু জমানার’ কড়া অনুশাসন শুরু হয়ে গিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy