বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়া আর নতুন সরকারের ক্যাবিনেট গঠনের প্রস্তুতির মাঝেই এখন সবচেয়ে আলোচিত বিষয়— রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতা (DA)। নির্বাচনী প্রচারে অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন লাগু করা হবে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রহর গুনছেন লক্ষ লক্ষ কর্মচারী।
সপ্তম বেতন কমিশন ও কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রাজ্যের সরকারি কর্মচারীদের মনে এখন একটাই প্রশ্ন, ঠিক কবে থেকে কেন্দ্রীয় হারে বেতন ও ডিএ কার্যকর হবে? এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিজেপি-র রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল। তিনি জানান, ঐতিহাসিকভাবেই রাজ্যের পে কমিশন কেন্দ্রের তুলনায় পিছিয়ে ছিল। অতীতে বিভিন্ন সরকারের আমলে এই ব্যবধান তৈরি হয়েছে।
দেবাশিস শীলের মতে, কেন্দ্রে যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে, তখনই রাজ্যে সপ্তম বেতন কমিশন লাগু করা সম্ভব হবে। তিনি আশ্বস্ত করে বলেন, আগে পে কমিশনের রিপোর্ট পেতে ৪ বছর সময় লাগত, কিন্তু এখন আর তা হবে না। কেন্দ্রীয় সরকার ৪৫-৫০ দিনের মধ্যে প্রক্রিয়া শুরু করলে রাজ্যও সেই পথেই হাঁটবে।
বকেয়া ডিএ নিয়ে কী ভাবছে নতুন সরকার? বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র মধ্যে বড়সড় ফারাক রয়েছে। অনেকের মনে আশা ছিল, বকেয়া সমস্ত ডিএ হয়তো একসঙ্গেই মিটিয়ে দেওয়া হবে। তবে দেবাশিস শীল বাস্তবচিত্র তুলে ধরে বলেন, “এত বিপুল পরিমাণ করের বোঝা নিয়ে নতুন সরকারের পক্ষে এককালীন সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়তো সম্ভব হবে না। তবে পর্যায়ক্রমে সমস্ত ব্যাকলগ মিটিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে কেন্দ্রীয় হারেই ডিএ পাবেন রাজ্যের কর্মীরা।”
৪ শতাংশ ডিএ জট ও সুপ্রিম কোর্ট আপডেট বিগত সরকারের ঘোষণা করা ৪ শতাংশ ডিএ নিয়েও ধোঁয়াশা কাটেনি। ১ এপ্রিল থেকে এই ডিএ কার্যকর হওয়ার কথা থাকলেও কোনো সরকারি অর্ডার জারি হয়নি। নতুন সরকার এসে এই ৪ শতাংশের নির্দেশ কার্যকর করবে নাকি সরাসরি নতুন হারে ডিএ দেবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
অন্যদিকে, আজ ৬ মে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, শুনানির ঠিক আগের দিন রাজ্যের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন জানানো হয়েছে। ফলে আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেও নজর রয়েছে সব মহলের।
তবে সব মিলিয়ে, নতুন সরকারের হাত ধরে বেতন কাঠামোয় বড় পরিবর্তনের আশায় বুক বাঁধছেন বাংলার সরকারি কর্মচারীরা। এখন দেখার, ক্যাবিনেট গঠনের পর প্রথম ৪৫ দিনে কী কী চমক অপেক্ষা করছে তাঁদের জন্য।





