পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের এক বিশাল ভূমিকম্পের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন ভরাডুবির আবহ তৈরি হয়েছে, ঠিক তখনই দল ছাড়ার ইঙ্গিত দিয়ে বিস্ফোরক সব অভিযোগ তুললেন প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক মনোজ তিওয়ারি। সূত্রের খবর, তিনি কেবল দল ছাড়ার ঘোষণাই করেননি, বরং তৃণমূলের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে এমন কিছু অভিযোগ এনেছেন যা নজিরবিহীন।
মনোজ তিওয়ারির দাবি অনুযায়ী, দলের ভেতর প্রার্থী পদ কেনা-বেচার এক বিশাল চক্র সক্রিয়। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে, অন্তত ৭০ থেকে ৭২ জন প্রার্থীকে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে মাথা পিছু প্রায় ৫ কোটি টাকা করে নেওয়া হয়েছে। অর্থাৎ, অংকটা কয়েকশ কোটি ছাড়িয়ে যাচ্ছে। মনোজের কথায়, “আমাকে একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সততার খাতিরে আমি তা প্রত্যাখ্যান করি।”
এখানেই শেষ নয়, প্রাক্তন এই তারকা ক্রিকেটারের নিশানায় রয়েছেন দলের শীর্ষ নেতৃত্বও। তাঁর অভিযোগ, নিচুতলার কাউন্সিলর থেকে শুরু করে বড় বড় নেতারাও ব্যাপক চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি মনে করেন, এই সমস্ত বিষয় সম্পর্কে শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ অবগত, তাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তৃণমূলের অন্দরে মনোজের এই বিদ্রোহ বিজেপি শিবিরে নতুন অস্ত্র তুলে দিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই অভিযোগই প্রমাণ করে যে রাজ্যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। যদিও ঘাসফুল শিবিরের একাংশ এই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিয়েছে। তবে প্রশ্ন উঠছে, মনোজের গন্তব্য কি এখন বিজেপি, নাকি তিনি ফের ব্যাট হাতে ক্রিকেট মাঠেই ফিরে যাবেন? এই জল্পনায় এখন উত্তাল গোটা বাংলা।





