তামিলনাড়ুর রাজনীতিতে হলুদ ঝড়, ধোনির স্ট্র্যাটেজিতেই কি কিস্তিমাত করলেন বিজয়?

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্র এক লহমায় বদলে গেল। দক্ষিণের এই রাজ্যে এখন শুধু হলুদ রঙের দাপট। তবে এই হলুদ রঙ কোনো ক্রিকেটীয় উন্মাদনা নয়, বরং থালাপথি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (TVK)-এর উত্থানের প্রতীক। চেন্নাই সুপার কিংসের (CSK) সঙ্গে যে আবেগ ও রঙ ওতপ্রোতভাবে জড়িত, সেই একই ঢেউ এবার রাজনীতির ময়দানে আছড়ে পড়ল। বিজয়ের এই রাজনৈতিক অভিষেককে বিশেষজ্ঞরা ‘সিনেমাটিক ব্লকবাস্টার’ হিসেবে বর্ণনা করলেও, নেপথ্যে কাজ করেছে মহেন্দ্র সিং ধোনির ‘ক্যাপ্টেন কুল’ সুলভ নিখুঁত রণকৌশল।
গত বছর যখন রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর টিভিকের সঙ্গে যুক্ত হন, তখন তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় বিহারি হতে চাই। তার জন্য আমাকে ধোনির মতো হতে হবে, যিনি সিএসকে-কে জেতান। আমি আপনাদের নেতার অধীনে টিভিকে-কে জেতাব।” ধোনির নাম টেনে এনে কিশোর কেবল ক্রিকেটপ্রেমী আমজনতাকে কাছে টানেননি, বরং বিজয়ের ভাবমূর্তিতে একজন শান্ত অথচ বিধ্বংসী নেতার ছোঁয়াও দিয়েছিলেন।
নির্বাচনী প্রচারের প্রতিটি পদক্ষেপে ছিল আইপিএলের ছোঁয়া। টিভিকের নির্বাচনী প্রতীক ছিল ‘হুইসল’, যা সিএসকে-র আইকনিক অ্যান্থেম ‘হুইসল পোড়ু’-র কথা মনে করিয়ে দেয়। নির্বাচনী জনসভাগুলো যেন চিপক স্টেডিয়ামের গ্যালারিতে রূপান্তরিত হয়েছিল। তরুণ ভোটাররা, যাঁরা সিএসকে-র অন্ধ ভক্ত, তাঁরা অবলীলায় বিজয়ের হাত ধরলেন। নির্বাচনের শেষ লগ্নে যখন টিভিকে ১০০ আসনের গণ্ডি পার করে, তখন বিজয়ের ব্যাটিংয়ের মধ্যে ফিনিশার ধোনির ছায়া খুঁজে পান সমর্থকরা। তবে লড়াই এখনো শেষ হয়নি। ১০৮ আসন পেয়েও ম্যাজিক ফিগার ১১৮ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থালাপথি। রাজ্য রাজনীতি এখন এক টানটান ‘সুপার ওভার’-এর দিকে এগোচ্ছে, যেখানে জোট ও সমঝোতাই ঠিক করে দেবে শেষ হাসি কে হাসবেন।