২০২৬-এর বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে বাংলাতেই প্রাণ হারালেন এক ভিনরাজ্যের পুলিশকর্মী। ভোটের ডিউটি করতে মধ্যপ্রদেশ থেকে এ রাজ্যে এসেছিলেন তিনি, কিন্তু ডিউটি শেষ করে নিজের বাড়িতে ফেরা হলো না তাঁর। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার বালি সংলগ্ন নিশ্চিন্দা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই পুলিশকর্মীর নাম শ্রীনিবাস সিংহ। তিনি মধ্যপ্রদেশ পুলিশের কর্মী ছিলেন। ২০২৬-এর নির্বাচন উপলক্ষ্যে বাংলার নিরাপত্তার দায়িত্বে তাঁকে পাঠানো হয়েছিল। হাওড়ার বালি নিশ্চিন্দা গার্লস স্কুলে ভোটের ডিউটির দায়িত্ব পড়েছিল তাঁর ওপর। এদিন সেই দায়িত্ব পালন করার সময়ই হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষ পর্যন্ত তাঁর মৃত্যু ঘটে।
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ভোটের কাজে এসে এভাবে সহকর্মীকে হারানোয় শোকের ছায়া নেমে এসেছে ওই বুথের বাকি কর্মীদের মধ্যে। মধ্যপ্রদেশে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানা।





