নবান্নে কি এবার গেরুয়া ঝড়? ৪ মে-র আগেই বিজেপির ‘সম্ভাব্য মন্ত্রিসভা’ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটেছে। বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলি ইতিমধ্যেই রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে চড়িয়ে দিয়েছে। বেশিরভাগ সমীক্ষাই এবার বাংলায় ‘গেরুয়া ঝড়ে’র ইঙ্গিত দিচ্ছে। ম্যাট্রিজ (Matrize), পি-মার্ক (P-Marq), প্রজা পোল এবং পোল ডায়েরির মতো সংস্থাগুলি বিজেপির বিশাল জয়ের পূর্বাভাস দিয়েছে। যদিও পিপলস পালস বা জনমত পোল মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের দাবি করছে, তবুও রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা—যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে কারা সামলাবেন নবান্ন?

ঠিক এই আবহেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে একটি তালিকা। যেখানে দাবি করা হচ্ছে, বিজেপি সরকার গড়লে কে কোন মন্ত্রী হবেন। যদিও এটি কোনও অফিসিয়াল তালিকা নয় এবং অনেক নেটিজেন এটি স্রেফ মজা হিসেবেই শেয়ার করছেন, তবুও সেই তালিকায় থাকা নামগুলি দেখে চমকে উঠছেন অনেকেই। ৪ মে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই এই ‘ভাইরাল মন্ত্রিসভা’ ঘিরে চর্চা এখন তুঙ্গে।

ভাইরাল তালিকায় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে রাখা হয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। রাজ্যের গুরুত্বপূর্ণ দুই দফতর শিক্ষা ও খাদ্য মন্ত্রী হিসেবে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। অন্যদিকে, অর্থমন্ত্রী হিসেবে নাম দেখা যাচ্ছে রাকেশ সিং-এর। শিল্প সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে। কৃষিমন্ত্রী হিসেবে ভাইরাল তালিকায় জায়গা পেয়েছেন সন্দেশখালি আন্দোলনের পরিচিত মুখ রেখা পাত্র। ক্রীড়া দফতর রুদ্রনীল ঘোষ এবং আইন মন্ত্রীর জায়গায় নাম রয়েছে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির।

তালিকায় আরও চমক রয়েছে—তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হিসেবে অর্জুন সিং, মৎস্যমন্ত্রী হিসেবে কৌস্তভ বাগচী এবং কয়লা ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে জিতেন্দ্র তিওয়ারির নাম উল্লেখ করা হয়েছে। অগ্নিমিত্রা পালকে বস্ত্রমন্ত্রী এবং সজল ঘোষকে বনমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে ভাইরাল পোস্টে। এমনকি চাবাগান ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে দীপক বর্মনের নাম রয়েছে। মজার বিষয় হলো, তালিকায় বলা হয়েছে বাকি ১৫টি দফতর রাখা হয়েছে তাঁদের জন্য, যাঁরা তৃণমূল থেকে জিতে বিজেপিতে আসবেন। যদিও ২১-এর নির্বাচনে এক্সিট পোল মেলেনি, তবুও এই ভাইরাল তালিকা বিজেপি কর্মী-সমর্থকদের মনে আশার আলো জাগাচ্ছে। এখন ৪ মে-র ফলাফলের দিকেই তাকিয়ে গোটা দেশ।