বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার একাধিক বিধানসভা কেন্দ্র। বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়িও। অন্যদিকে, ভাঙড়ের সাইহাটি এলাকায় আইএসএফ (ISF) চেয়ারম্যান তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
বাসন্তীর ১২৮ নম্বর বিধানসভা কেন্দ্রের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায় যখন শিমুলতলার ৭৬ নম্বর বুথে বুথ দখলের খবর পেয়ে পৌঁছান বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেখানে তাঁকে ঘিরে ধরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বচসা চলাকালীন বিকাশবাবু এবং তাঁর নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে ভেঙে দেওয়া হয় প্রার্থীর গাড়ির কাচ। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে, ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী সাইহাটি এলাকায় পৌঁছালে তাঁকে দেখেই তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন নওশাদ নিজেও পালটা ক্ষোভ উগরে দেন। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ চলে।
তবে বিচ্ছিন্ন এই অশান্তি বাদ দিলে রাজ্যের ১৪২টি আসনে ভোটদানের হার নজরকাড়া। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে গড়ে ১৮.৩৯ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে পূর্ব বর্ধমানে ভোটদানের উৎসাহ সবচেয়ে বেশি। মন্তেশ্বরে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২২.৫৩ শতাংশ এবং গলসিতে ২২.৪৯ শতাংশ। এর বিপরীতে দক্ষিণ কলকাতায় ভোটের গতি তুলনামূলক মন্থর। সবচেয়ে কম ভোট পড়েছে মহেশতলায় (১৪.৯০ শতাংশ)। ভবানীপুরে সকাল ৯টা পর্যন্ত ১৭.০৮ শতাংশ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অশান্তি রুখতে স্পর্শকাতর বুথগুলিতে মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী।





