রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে ভোটার এবং ভোটকর্মী—উভয় পক্ষের জন্যই বড় ঘোষণা করল লোকভবন ও নির্বাচন কমিশন। নাগরিকদের সহায়তায় যেমন চালু করা হয়েছে ২৪x৭ হেল্পলাইন, তেমনই ভোটকর্মীদের সুবিধার্থে বদল আনা হয়েছে বুথের নিরাপত্তা সংক্রান্ত নিয়মে।
১০ মে পর্যন্ত খোলা সিটিজেন হেল্পলাইন
ভোট চলাকালীন বা তার পরবর্তী সময়ে কোনও নাগরিক যদি সমস্যায় পড়েন, তবে তাঁর সহায়তায় এগিয়ে আসবে লোকভবন। জানানো হয়েছে, আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চালু থাকবে এই ২৪x৭ সিটিজেন হেল্পলাইন।
কী কী জানানো যাবে? ভোটাধিকার প্রয়োগে বাধা, রাজনৈতিক হুমকি বা নিরাপত্তা সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি জানানো যাবে।
গোপনীয়তা ও সমাধান: লোকভবন সূত্রে জানানো হয়েছে, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ইমেল এবং নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে ভোটাররা সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ভোটকর্মীদের জন্য স্বস্তির খবর: বদলাল ক্যামেরা খোলার নিয়ম
প্রথম দফার ভোটে একটি নিয়ম নিয়ে ভোটকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল—যতক্ষণ না বুথের ওয়েবকাস্টিং ক্যামেরা খোলা হচ্ছে, ততক্ষণ ভোটকর্মীরা বুথ ছাড়তে পারবেন না। দ্বিতীয় দফার অর্থাৎ ২৯ এপ্রিলের ভোটের আগে এই নিয়মে সংশোধন এনেছে সিইও (CEO) দফতর।
নতুন নিয়ম: ভোট শেষ হওয়া মাত্রই পোলিং পার্টি বা ভোটকর্মীরা নিরাপত্তা বেষ্টনীতে রিসিভিং সেন্টারে ফিরতে পারবেন।
দায়িত্ব কার? পোলিং পার্টি চলে যাওয়ার পর বুথ লেভেল অফিসার (BLO) এবং সংশ্লিষ্ট কর্মীরা ক্যামেরার নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। সেক্টর অফিসারের উপস্থিতিতে ক্যামেরা খুলে নির্দিষ্ট সেন্টারে জমা দিতে হবে। জেলাশাসকদের কাছে ইতিমধ্য়েই এই সংশোধনী নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কমিশন।
নিরাপত্তায় বাড়তি জোর
দ্বিতীয় দফার নির্বাচনে যাতে কোনওভাবেই ভোটাররা আতঙ্কিত না হন, তা নিশ্চিত করতে লোকভবন ও কমিশন যৌথভাবে কাজ করছে। একদিকে সাধারণ মানুষের জন্য অভিযোগ জানানোর জানালা খুলে রাখা হয়েছে, অন্যদিকে ভোটকর্মীদের ওপর থেকে বাড়তি চাপের বোঝা কমিয়ে দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।





