আগামী বুধবার রাজ্যে হাইভোল্টেজ দ্বিতীয় দফার নির্বাচন। আর ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। পাড়ায় পাড়ায় ঢুকে ভোটারদের ভয় দেখানো ও ‘বাইক বাহিনী’র দাপাদাপির অভিযোগে এবার নজিরবিহীন কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন।
ভিডিও দেখে কড়া দাওয়াই কমিশনের
কমিশনের কাছে পৌঁছানো একটি ভিডিওতে দেখা গিয়েছে, একদল যুবক বাইক নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং চিৎকার করে বলছে, ‘ভয়ঙ্কর খেলা হবে… জয় বাংলা’। ভোটারদের শাসানি ও হেনস্থা করার এই অভিযোগ সামনে আসতেই নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে ঝোড়ো গতিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কমিশন।
থানায় এফআইআর ও মামলার ধারা
অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কমিশনের নির্দেশে ডায়মন্ড হারবার থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই বাইক বাহিনীর বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে তা অত্যন্ত গুরুতর:
ভোটারদের ভয় দেখানো ও হুমকি।
এলাকায় শান্তিভঙ্গের চেষ্টা।
সরকারি কাজে বাধা দেওয়া।
আজই শান্তি ফেরানোর নির্দেশ
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রবিবারের মধ্যেই ডায়মন্ড হারবারের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং ভোটারদের মন থেকে ভয় দূর করতে হবে। জেলা নির্বাচনী আধিকারিককে (DEO) দেওয়া নির্দেশে বলা হয়েছে, ২৯ এপ্রিল যাতে সাধারণ মানুষ কোনও ভীতি ছাড়াই বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করারও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ডায়মন্ড হারবারে এর আগেই অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৫ কর্মকর্তাকে সাসপেন্ড করে কমিশন বুঝিয়ে দিয়েছিল যে, বিন্দুমাত্র বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এবার বাইক বাহিনীর বিরুদ্ধে এই অ্যাকশন সেই কড়া বার্তারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





