যৌন সুরক্ষাতেও থাবা বসাচ্ছে যুদ্ধ! ৩০% বাড়তে পারে কন্ডোমের দাম, মাথায় হাত আমজনতার

বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির প্রভাব এবার সরাসরি গিয়ে পড়ছে মানুষের ব্যক্তিগত জীবনেও। ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের উত্তাপ এবার অনুভব করতে হবে আমজনতার পকেটে। বিশ্বের বৃহত্তম কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ‘কারেক্র’ (Karex) থেকে আসা একটি সতর্কবার্তা সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মালয়েশিয়া-ভিত্তিক এই সংস্থার প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত জানিয়েছেন, কাঁচামালের তীব্র সংকটের কারণে কন্ডোমের দাম ৩০ শতাংশ বা তারও বেশি বাড়তে পারে।

বছরে ৫০০ কোটির বেশি কন্ডোম উৎপাদনকারী এই সংস্থাটি ‘ডিউরেক্স’ (Durex) বা ‘ট্রোজান’ (Trojan)-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রধান সরবরাহকারী। গোহ মিয়াহ কিয়াত আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে খনিজ তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কন্ডোম তৈরির অন্যতম উপাদান ল্যাটেক্স সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া এবং সিলিকন-ভিত্তিক লুব্রিকেন্ট—উভয়ই খনিজ তেল থেকে উৎপন্ন হয়। জোগান কমে যাওয়ায় এই উপাদানগুলোর দাম এখন আকাশছোঁয়া।

চাহিদা বাড়লেও জোগান কম:
আশ্চর্যজনকভাবে, একদিকে যখন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে বাজারে কন্ডোমের চাহিদা এ বছর প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পেছনে এক সামাজিক-মনস্তাত্ত্বিক কারণ ব্যাখ্যা করেছেন গোহ। তিনি বলেন, “আর্থিক মন্দা বা ভবিষ্যতের অনিশ্চয়তার সময় মানুষ সন্তান নেওয়ার ঝুঁকি নিতে চান না। নতুন একটি মুখকে খাওয়ানোর দায়িত্ব এই বাজারে অনেকের পক্ষেই কঠিন। ফলে মানুষ জন্মনিয়ন্ত্রণের দিকে বেশি ঝুঁকছেন।” অর্থাৎ, যখন মানুষ সুরক্ষিত থাকতে চাইছেন, ঠিক সেই সময়েই সুরক্ষার সরঞ্জাম দামী হয়ে যাওয়ায় বড়সড় সামাজিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy