স্বাধীনতার পর বাংলায় সর্বোচ্চ ভোটের রেকর্ড! ৯২.৭% ভোটদানে ইতিহাস গড়ল ২০২৬-এর নির্বাচন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফায় গণতন্ত্রের উৎসবে নজিরবিহীন জোয়ার দেখল গোটা দেশ। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এবারের ভোটদানের হার স্বাধীনতার পর বাংলায় হওয়া সমস্ত নির্বাচনের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৭২ শতাংশের রেকর্ড ছাপিয়ে এবার ভোটদানের হার দাঁড়িয়েছে ৯২.৫২ শতাংশেরও বেশি।

কমিশনের তথ্য অনুযায়ী, পুরুষদের (৯০.৯২%) তুলনায় মহিলাদের (৯২.৬৯%) অংশগ্রহণের হার ছিল অনেক বেশি। জ্ঞানেশ কুমার জানান, ভোটাররা কোনো ভয় বা পক্ষপাত ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, যা কমিশনের বড় সাফল্য। অনুপস্থিত (Absent), স্থানান্তরিত (Shifted), মৃত ও ভুয়ো (Death and Duplicate) ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়াই এই উচ্চ হারের প্রধান কারণ বলে মনে করছে কমিশন। এছাড়া বুথের সংখ্যা বাড়ানো এবং ১০০ মিটারের নিরাপত্তা বলয় কঠোর রাখার ফলে কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজ্যের পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার জানান, অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কুমারগঞ্জ, সাঁইথিয়া ও মুরারই সহ বিভিন্ন এলাকা থেকে মোট ৪১ জনকে গ্রেফতার এবং ৫৭ শতাধিক ব্যক্তিকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে। আসানসোলে অগ্নিমিত্রা পলের গাড়িতে পাথর ছোঁড়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ভোট সংক্রান্ত কোনো মৃত্যুর খবর মেলেনি। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, গরমের কারণে কিছু ইভিএম বিকল হলেও দ্রুত তা বদলে দেওয়া হয়েছে। কলকাতার মতো শহরগুলিতেও পরবর্তী দফায় একই রকম উচ্চ হার বজায় থাকবে বলে আশাবাদী কমিশন।