মহিলা ভোটারদের বাজিমাত! ৯১ শতাংশ পেরিয়ে রেকর্ড ভোটদান, বঙ্গ জয়ের ইঙ্গিতে আত্মবিশ্বাসী শাহ!

আগামী ২৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গেই ঘাঁটি গেড়ে থাকছেন বিজেপির ‘চাণক্য’ অমিত শাহ। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ৯১.৮৩ শতাংশ ভোট পড়ায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তবে রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় চর্চার বিষয় হলো—ভোটের দিন অর্থাৎ ২৩ এপ্রিল শাহের ভূমিকা।

বিজেপি সূত্র অনুযায়ী, ভোটের দিন সকাল ১০টার আগেই সল্টলেকের সেক্টর ফাইভের দলীয় কার্যালয়ে পৌঁছে যান শাহ। সেখানে টানা ৪ ঘণ্টা তিনি সময় কাটান। সল্টলেকের ওই কার্যালয়ে দুটি বিশেষ ‘ওয়াররুম’ তৈরি করা হয়েছে। শাহ সরাসরি সেই ওয়াররুমে গিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেন। প্রতি মুহূর্তের ভোটের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় ‘শাহী টিপস’ দেন। দুপুর ২টো ২০ মিনিট নাগাদ যখন রাজ্যে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়ে গিয়েছে, তখনই তিনি দফতর ছাড়েন। দলীয় কর্মীদের দাবি, ভোটের হার দেখেই চাণক্য বুঝতে পেরেছিলেন হাওয়া কোন দিকে বইছে, তাই তাঁর মুখে ছিল স্বস্তির হাসি। এমনকি দুপুরের খাওয়াও তিনি সারেন দলীয় কার্যালয়েই।

এবারের নির্বাচনে পুরুষদের (৯০.৯২%) তুলনায় মহিলাদের (৯২.৬৯%) ভোটদানের হার অনেক বেশি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই রেকর্ড ভোটদান বাংলায় ‘সুশাসনের নতুন যুগে’র ইঙ্গিত। অন্যদিকে, শাহের এই দীর্ঘ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মোদী-শাহ জুটির রসায়ন এবং ভোটের ময়দানে শাহের এই সক্রিয় উপস্থিতি বিজেপি কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy