আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) ভাগ্য যেন কিছুতেই ফিরছে না। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট এলেও, মাঠের লড়াইয়ে এখনও জয়ের দেখা নেই অজিঙ্ক রাহানেদের। শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফের হার। টানা ৫ ম্যাচে হারের পর কেকেআরের প্লে-অফ খেলার আশা এখন কার্যত আইসিইউ-তে।
ক্যামেরন গ্রিন কেন বল করলেন না? গুজরাত ম্যাচে কেকেআর ভক্তদের মনে বড় প্রশ্ন ছিল— দলের অন্যতম অস্ত্র ক্যামেরন গ্রিনকে দিয়ে কেন বল করানো হলো না? ম্যাচ শেষে ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে রহস্য ফাঁস করে বলেন, “গ্রিন ক্র্যাম্পে ভুগছিলেন। বারবার মাঠের বাইরে যেতে হচ্ছিল ওকে, তাই বোলিং করানো সম্ভব হয়নি।” ক্যাপ্টেন স্পষ্ট জানান, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ না থাকলে অতিরিক্ত চিন্তা করা বৃথা।
রাহানের ব্যাটিং ও দলের ব্যর্থতা: অধিনায়ক রাহানে নিজে এই ম্যাচে খাতা খুলতে পারেননি, যা দলের ওপর চাপ আরও বাড়িয়েছে। তবে দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, “শুরুতেই উইকেট হারিয়ে আমরা চাপে ছিলাম। কিন্তু গ্রিন যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ। ১৪৭/৪ থেকে ১৮০ রানে পৌঁছানোটা চ্যালেঞ্জিং ছিল।” বোলারদের পিঠ চাপড়ালেন অধিনায়ক: ম্যাচ হারলেও বোলারদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন রাহানে। শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিংয়ের মুখেও ম্যাচ শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় তিনি খুশি। তাঁর কথায়, “গিল এবং সাই সুদর্শন দুর্দান্ত খেলেছে। সামান্য শিশির থাকলেও হারার জন্য আমরা কোনো অজুহাত দেব না।”
নাইটদের ভবিষ্যৎ কী? টানা হারলেও দলের ওপর বিশ্বাস রাখতে চান রাহানে। তিনি সাফ জানিয়েছেন, পজিটিভ এবং আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। তবে পরিসংখ্যান বলছে, কেকেআর এখন খাদের কিনারায়। এবার অলৌকিক কিছু না ঘটলে আইপিএল ২০২৬-এ বেগুনি-সোনালি শিবিরের যাত্রা গ্রুপ পর্বেই শেষ হতে চলেছে।





