বিয়ের আনন্দ বদলে গেল আর্তনাদে। দিল্লির গোকুলপুরী এলাকায় এক তরুণীর প্রেমের চরম পরিণতি দেখল দেশবাসী। নিজের প্রেমিকের সঙ্গে পাশের বাড়ির মেয়ের বিয়ে ঠিক হওয়ার খবর সহ্য করতে না পেরে, হবু কনের মুখে অ্যাসিড ছোড়ার (Acid Attack) অভিযোগ উঠল এক ২৬ বছর বয়সি তরুণীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
কীভাবে ঘটল এই নৃশংস ঘটনা? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণী এবং অভিযুক্তা প্রতিবেশী। দীর্ঘদিনের জানাশোনা দুই পরিবারের। আগামী ১৯ এপ্রিল আক্রান্ত তরুণীর বিয়ের দিন ধার্য হয়েছিল। মঙ্গলবার সকালে বন্ধু সেজে মেহেন্দি পরাতে কনের বাড়িতে যান অভিযুক্তা তরুণী।
“এ বার এটা খাও”: শিউরে ওঠা বয়ান আক্রান্ত তরুণীর বোন জানান, এদিন সকালে অভিযুক্তা তাঁদের বাড়িতে আসেন। একসঙ্গে জলখাবার খান, হাসাহাসিও করেন। এরপর মেহেন্দি পরাতে শুরু করতেই ঘটে সেই ভয়াবহ কাণ্ড। মেহেন্দির বদলে ব্যাগ থেকে অ্যাসিডের বোতল বের করে কনের মুখে ছুড়ে দিয়ে অভিযুক্তা চিৎকার করে ওঠেন, “এ বার এটা খাও!”
হাসপাতালে চিকিৎসাধীন তরুণী: অ্যাসিডের জ্বালায় চিৎকার করে বাথরুমের দিকে ছুটে যান আক্রান্ত তরুণী। বাড়ির লোকজন এসে তাঁকে উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আক্রান্ত তরুণী ইগনুর (IGNOU) রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তরের ছাত্রী।
[Image: Delhi Police van in front of a residential house]
জেরায় স্বীকারোক্তি ও পুলিশের বয়ান: উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আশিস মিশ্র জানান, অভিযুক্তা ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় তিনি স্বীকার করেছেন যে, তাঁর প্রেমিকের সঙ্গে পাশের বাড়ির মেয়ের বিয়ে ঠিক হওয়া তিনি মেনে নিতে পারেননি। প্রতিহিংসা থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। অভিযুক্তার পরিবারের দাবি, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
তদন্তের মুখে হবু বর: পাত্র নয়ডার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। তাঁর সঙ্গে অভিযুক্তা তরুণীর ঠিক কী সম্পর্ক ছিল এবং এই ঘটনার পেছনে তাঁর কোনো পরোক্ষ ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।





