দীর্ঘ ৭৭ বছরের দীর্ঘ প্রতীক্ষা আর চরম বৈরিতার অবসান ঘটিয়ে অবশেষে আলোচনার টেবিলে মুখোমুখি বসল ইসরায়েল এবং লেবানন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিশেষ মধ্যস্থতায় মঙ্গলবার আমেরিকায় এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিরাই একে ‘সদর্থক’ বলে বর্ণনা করেছেন, যা মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনীতিতে এক নতুন আশার আলো দেখাচ্ছে।
আমেরিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার জানান, দুই পক্ষই এখন একই সুরে কথা বলছে, যা এই বৈঠকের সবথেকে বড় সাফল্য। বিশেষ করে হেজবোল্লাকে পরাস্ত করার বিষয়ে দুই দেশই একমত পোষণ করেছে। অন্যদিকে, লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে মোওয়াওয়াদ আলোচনার ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। লেবাননের পক্ষ থেকে দ্রুত যুদ্ধবিরতি, বাস্তুচ্যুত মানুষদের ঘরে ফেরা এবং দেশের প্রতিটি অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষার দাবি জানানো হয়েছে। আমেরিকার মধ্যস্থতায় শুরু হওয়া এই দ্বিপাক্ষিক আলোচনা আগামীতে রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে স্থায়ী শান্তি ফেরাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে বিশ্ব।





