‘অত্যাচারের বদলা নিন ব্যালটে’! নববর্ষের শুভেচ্ছা জানিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

বাংলা নববর্ষের পুণ্যলগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি যেমন সম্প্রীতির কথা বললেন, তেমনই নাম না করে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র নিশানা করেন। সাধারণ মানুষের কাছে তাঁর সোজাসাপ্টা আবেদন— গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ‘অত্যাচারের বদলা’ নিন ভোটের বাক্সে।

এদিন ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা সম্প্রীতি ও সংস্কৃতির পীঠস্থান। আসুন, আমরা এক নতুন ভোর নিয়ে আসি।” তবে উৎসবের আমেজেই তিনি মনে করিয়ে দেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলার ওপর ‘অত্যাচার ও জুলুম’ চালানো হচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে সকলকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুভেচ্ছা বার্তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা ও সুর করা একটি গানও শেয়ার করেছেন মমতা। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সেই গানেও ছিল নতুন দিনের আবাহন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভোটের মুখে মুখ্যমন্ত্রীর এই ‘বদলা’ নেওয়ার ডাক রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy