চৈত্র সংক্রান্তির সকালে নিজের খাসতালুক নন্দীগ্রামে একবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার নন্দীগ্রামের কেন্দামারী এলাকায় টোটোয় চেপে প্রচার সারলেন তিনি। হুডখোলা জিপ বা বড় গাড়ির বদলে সাধারণ টোটোয় চড়ে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
নববর্ষের আগের দিন এদিন সকালে এলাকার একটি মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। এরপরই শুরু হয় তাঁর নিবিড় জনসংযোগ কর্মসূচি। টোটোয় চেপে ঘোরার সময় রাস্তার দুই পাশে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মহিলারা শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানান। চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথাও শোনেন তিনি। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের আগে মানুষের আরও কাছে পৌঁছাতেই এই ‘টোটো সফর’ ও জনসংযোগের কৌশল নিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।





