আইপিএলের মাঝপথেই ক্রিকেটারদের শৃঙ্খলায় বাঁধতে কোমর বেঁধে নামল বিসিসিআই। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের আচরণ নিয়েও আনা হলো একগুচ্ছ কঠোর নিয়ম। ম্যাচ চলাকালীন অতিরিক্ত ক্রিকেটার বা রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে নতুন গাইডলাইন জারি করেছে বোর্ড। এই নিয়ম অমান্য করলেই সংশ্লিষ্ট ক্রিকেটারকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের টিম শিটে থাকা ১৬ জন ক্রিকেটারের বাইরে বাকিরা বাউন্ডারি লাইনের আশেপাশে বা এলইডি বোর্ডের সামনে ঘুরতে পারবেন না। বাউন্ডারি লাইনে সর্বাধিক ৫ জন সাবস্টিটিউট প্লেয়ার থাকতে পারবেন, বাকিদের বাধ্যতামূলকভাবে ডাগ আউটে বসে থাকতে হবে। এমনকি ড্রিঙ্কস নিয়ে মাঠে ঢোকা বা ড্রেসিংরুম থেকে কোনও বার্তা পৌঁছে দেওয়ার কাজও করতে হবে ওই নির্দিষ্ট ১৬ জনের মধ্য থেকেই। যত্রতত্র ঘোরাঘুরি আটকাতে আইপিএলের প্লেয়িং কন্ডিশনের ১১.৫.২ এবং ২৪.১.৪ ধারাকে আরও শক্তিশালী করা হয়েছে। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, শৃঙ্খলা রক্ষায় এই নিয়ম পুরো টুর্নামেন্ট জুড়েই কার্যকর থাকবে।





