নির্বাচনী তালিকায় মহাপ্রলয়! ৯০ লাখ ভোটারের নাম বাদ বঙ্গে, কমিশনের সাপ্লিমেন্টারি রিপোর্টে তোলপাড়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড়সড় তথ্য সামনে আনল নির্বাচন কমিশন। সোমবার রাতে প্রকাশিত চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকার পর দেখা যাচ্ছে, রাজ্য থেকে প্রায় ৯০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে, তবে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটি কোটির গণ্ডি পেরোয়নি।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, যে ১১টি রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া চলেছে, তার মধ্যে নাম বাদ যাওয়ার নিরিখে উত্তরপ্রদেশের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। যোগীর রাজ্যে প্রায় ২ কোটির বেশি নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গে ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম শেষ পর্যন্ত কাটা পড়েছে। এর আগে চূড়ান্ত তালিকায় আরও ৬৩ লক্ষ নাম বাদ গিয়েছিল। সব মিলিয়ে সংখ্যাটা ৯০ লক্ষ ছাড়িয়েছে।

জেলাওয়াড়ি পরিসংখ্যান:
সবচেয়ে বেশি কোপ পড়েছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ গিয়েছে। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩.২৫ লক্ষ)। পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও মালদহ জেলাতেও ২ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। কলকাতা উত্তরে ৩৯ হাজার এবং দক্ষিণে ২৮ হাজারের বেশি নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। সবচেয়ে কম নাম বাদ গিয়েছে ঝাড়গ্রামে। প্রথম দফা ভোটের তালিকা সোমবার রাত থেকেই ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে, ফলে এই ভোটাররাই ভাগ্য নির্ধারণ করবেন প্রার্থীদের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy