আম আদমি পার্টি (AAP) এবং অরবিন্দ কেজরিওয়ালের অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা কি এবার অন্য পথে? সোমবার সন্ধ্যাবেলায় তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। একটি বইয়ের ছবি পোস্ট করে রাঘব যে বার্তা দিয়েছেন, তার লক্ষ্য কি খোদ কেজরিওয়াল? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কী সেই রহস্যময় পোস্ট? রাঘব চাড্ডা আমেরিকান লেখক রবার্ট গ্রিনের বিখ্যাত বই ‘দ্য ৪৮ ল’জ অফ পাওয়ার’ (The 48 Laws of Power)-এর কভার এবং প্রথম অধ্যায়ের একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, “এটা একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার যে, ঠিক এই সময়েই এক বন্ধু আমাকে বইটি উপহার দিয়েছে। কিছু বই ঠিক সেই সময়েই আপনার কাছে পৌঁছায় যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন।”
খোঁচাটা ঠিক কোথায়? রাঘব যে পাতাটি পোস্ট করেছেন, সেখানে লেখা আছে— ‘নেভার আউটশাইন দ্য মাস্টার’ (Never Outshine the Master)। অর্থাৎ, ‘কখনোই নিজের গুরু বা বসকে ছাপিয়ে যেও না’। বইটির ওই অধ্যায়ে বলা হয়েছে:
নিজের বসের সামনে অতিরিক্ত প্রতিভা বা দক্ষতা জাহির করবেন না।
বসকে সবসময় অনুভব করান যে তিনিই আপনার চেয়ে বেশি বুদ্ধিমান ও দক্ষ।
অতিরিক্ত গুণ প্রকাশ করলে বসের মনে নিরাপত্তাহীনতা বা ভয় তৈরি হতে পারে।
কেন বাড়ছে জল্পনা? দিল্লির রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আম আদমি পার্টির অন্দরে ক্ষমতার রাশ নিয়ে টানাপোড়েন চলছে। দীর্ঘ দিন ধরে রাঘব চাড্ডাকে দলের প্রধান সারিতে দেখা যাচ্ছিল না। ঠিক এই সময়ে তাঁর এমন পোস্ট— যেখানে তিনি ‘গুরুকে ছাপিয়ে না যাওয়ার’ কথা বলছেন— তা সরাসরি কেজরিওয়ালের প্রতি বিদ্রূপ কি না, তাই নিয়ে চলছে কাঁটাছেড়া।
অনেকের মতে, রাঘব বোঝাতে চেয়েছেন যে তিনি হয়তো তাঁর ‘বস’-এর চেয়ে বেশি জনপ্রিয় বা দক্ষ হয়ে উঠছিলেন, আর সেটাই তাঁর জন্য কাল হয়েছে। এই পোস্ট কি তবে আম আদমি পার্টি থেকে তাঁর দূরত্ব তৈরির প্রথম ধাপ? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।





