স্পিকারের জন্য ‘ভয়ঙ্কর’ উপহার? মাস্ক পরা চালকের দুঃসাহসিক কাণ্ডে থমথমে ভারতের রাজধানী

দেশের রাজধানী দিল্লির উচ্চ নিরাপত্তা বলয় ভেঙে সোমবার দুপুরে ঘটে গেল এক অভাবনীয় ও রহস্যময় ঘটনা। সজোরে ব্যারিকেড গুঁড়িয়ে একটি সাদা রঙের এসইউভি (SUV) ঢুকে পড়ল দিল্লি বিধানসভা চত্বরে। কোনো জঙ্গি হামলা নয়, বরং বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তার অফিসের সামনে একটি ‘ফুলের তোড়া’ রেখে ঝড়ের গতিতে চম্পট দিল মাস্ক পরা এক চালক।
ফিল্মি কায়দায় অনুপ্রবেশ দুপুর ঠিক ২টো। গেট নম্বর ২—যা সাধারণত ভিভিআইপিদের জন্য সংরক্ষিত, সেই লোহার ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে উত্তরপ্রদেশ (UP) নম্বরের একটি গাড়ি। চালকের মুখে ছিল মুখোশ। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সোজা পৌঁছে যায় স্পিকারের অফিসের পোর্চে। সেখানে একটি ফুলের তোড়া রেখে চোখের নিমেষে গাড়ি ঘুরিয়ে চত্বর ছেড়ে বেরিয়ে যায় সেই রহস্যময় চালক।
নিরাপত্তায় বড়সড় গলদ? দিল্লি বিধানসভার মতো স্পর্শকাতর জায়গায় যেখানে সবসময় কড়া পাহারা থাকে, সেখানে এভাবে একটি গাড়ি ঢুকে পড়া নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় নিরাপত্তারক্ষীরা দিশেহারা হয়ে ছোটাছুটি করছেন। সূত্র মারফত খবর, স্পিকারের গাড়িতে কালিও ছেটানো হয়েছে, যদিও পুলিশ এখনও তা সরকারিভাবে নিশ্চিত করেনি।
তদন্তে দিল্লি পুলিশ ইতিমধ্যেই পুরো এলাকা সিল করে দিয়েছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। উত্তরপ্রদেশের নম্বর প্লেট দেখে গাড়ির মালিকের সন্ধান চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। স্পিকারের দপ্তরে ফুলের তোড়া রাখা কি কোনো ‘প্রতীকী প্রতিবাদ’ নাকি এর পেছনে বড় কোনো নাশকতার ছক ছিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলে তোলপাড় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলগুলো দিল্লির নিরাপত্তা ব্যবস্থার কড়া সমালোচনা করে একে ‘মারাত্মক গাফিলতি’ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, শাসক শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
রাজধানীর বুকে এমন দুর্ধর্ষ ‘এন্ট্রি’র পর বিধানসভার নিরাপত্তা ঢেলে সাজানোর দাবি তুলেছেন বিধায়করা। কে এই রহস্যময় চালক? আর কেনই বা স্পিকারকে ফুল দিয়ে তিনি উধাও হলেন? উত্তরের অপেক্ষায় দিল্লি।