রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। যে সমস্ত ভোটারদের নাম ‘বিচারাধীন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায় থাকার পর শেষ পর্যন্ত ‘ডিলিটেড’ বা বাদ হয়ে গিয়েছে, তাঁদের জন্য আশার আলো দেখাল কমিশন। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইঙ্গিত দিয়েছেন যে, খুব শীঘ্রই ট্রাইব্যুনালের মাধ্যমে এই নাম ফেরানোর কাজ শুরু হতে চলেছে।
প্রস্তুত পরিকাঠামো, নিয়োগ হচ্ছে অফিসার: সূত্রের খবর, ট্রাইব্যুনালের কাজ দ্রুত শুরু করতে রাজ্য সরকার আজই নোডাল অফিসার নিয়োগের প্রক্রিয়া সারছে। ইতিমধ্যেই ৬টি বিশেষ রুম প্রস্তুত করা হয়েছে এবং পরিকাঠামোর কাজ প্রায় শেষ। কমিশনের এই তৎপরতা দেখে মনে করা হচ্ছে, বাদ পড়া ভোটারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।
কীভাবে আবেদন করবেন? (স্টেপ-বাই-স্টেপ গাইড): নির্বাচন কমিশন জানিয়েছে, নাম বাদ পড়লে ভোটাররা অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।
অনলাইন পদ্ধতি: কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (voter.eci.gov.in) এ গিয়ে ‘সাবমিট অ্যাপিল্স ফর ইন্ডিভিজ়ুয়াল্স’ (Submit Appeals for Individuals) ট্যাবে ক্লিক করে আবেদন করা যাবে।
অফলাইন পদ্ধতি: সাদা কাগজে নিজের বক্তব্য এবং ভোটার কার্ডের নম্বর (EPIC Number) লিখে জেলাশাসক (DM) বা মহকুমাশাসকের (SDO) দফতরে জমা দিতে হবে। সংশ্লিষ্ট আধিকারিক সেই আবেদন অনলাইনে আপলোড করে দেবেন।
কারা আবেদন করতে পারবেন? কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, এই সুবিধা সবার জন্য নয়। কেবলমাত্র যাদের নাম আগে থেকেই ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল, তাঁরাই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নতুন করে কেউ নাম তোলার জন্য এখানে আবেদন করতে পারবেন না। তবে ভোটার তালিকায় কারও নাম থাকা নিয়ে যদি কোনও আপত্তি থাকে, তবে সেই অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ জানিয়েও আবেদন করা যাবে।
ভোটের মুখে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করতে কমিশনের এই ‘মাস্টারস্ট্রোক’ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।





