বীরভূম মানেই এক সময় ছিল অনুব্রত মণ্ডলের একাধিপত্য। কিন্তু সেই গড়ে দাঁড়িয়েই বারবার যাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা গিয়েছে, তিনি কাজল শেখ। বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজলকে এবার হাসান বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম সরাসরি নির্বাচনী ময়দানে নামছেন তিনি।
এক সময় অনুব্রতর বিরাগভাজন হয়ে দলের শীর্ষ নেতৃত্বের ধমক খেলেও, কেষ্টর অনুপস্থিতিতে জেলায় কাজলের গুরুত্ব বেড়েছে কয়েক গুণ। তবে হাসান কেন্দ্রে জয় পাওয়া তাঁর কাছে বড় চ্যালেঞ্জ, কারণ সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় রাজনৈতিক সমীকরণ অনেকটাই নির্ভর করছে জেল ফেরত অনুব্রতর সমর্থনের ওপর।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে কাজলের বার্ষিক আয় ছিল ৮ লক্ষ ৩১ হাজার ২৯৪ টাকা। তাঁর হাতে বর্তমানে নগদ রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৭৯৯ টাকা। বিভিন্ন ব্যাঙ্কে তাঁর আমানত ও গয়না মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, তাঁর স্থাবর সম্পত্তির (জমি, পুকুর ও বাড়ি) বাজারমূল্য ১ কোটি ৫৩ লক্ষ ৮৫ হাজার ৬৭০ টাকা। কাজল পত্নী নাহিদা খাতুনেরও স্থাবর-অস্থাবর মিলিয়ে বিপুল সম্পত্তি রয়েছে। উল্লেখ্য, বীরভূমের এই দাপুটে নেতার বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলা রয়েছে। হাসান কেন্দ্রে এবার কাজলের মূল লড়াই বিজেপির নিখিল বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম-এর কমল হাসানের সঙ্গে।





