কয়লা কাণ্ডে ফের আইপ্যাক কানেকশন? প্রতীক জৈনের পর এবার ঋষিরাজের বাড়িতে ইডি হানা

ভোট কুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর ওপর কেন্দ্রীয় এজেন্সির চাপ আরও বাড়ল। কয়লা পাচার মামলার তদন্তে কলকাতার পর এবার হায়দরাবাদে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সংস্থার অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিংহের তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। উল্লেখ্য, কলকাতার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে যে ইডি টিম তল্লাশি চালিয়েছিল, সেই একই দল আজ হায়দরাবাদে এই অপারেশন চালাচ্ছে।

কয়লা পাচার মামলার অর্থ লেনদেনের হদিস পেতেই আইপ্যাক-এর শীর্ষকর্তাদের স্ক্যানারে রেখেছে ইডি। এর আগে গত ৮ জানুয়ারি সল্টলেকে আইপ্যাক অফিস এবং প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চলেছিল। সেই সময় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন। ইডি-র দাবি ছিল, তৃণমূলনেত্রী তাঁদের কাজে বাধা দিয়েছেন এবং নথি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে, যা নিয়ে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

ভোটের মুখে আইপ্যাক ডিরেক্টরের হায়দরাবাদের ঠিকানায় এই নতুন হানা নিশ্চিতভাবেই শাসক শিবিরের ওপর চাপ বাড়াবে। ঋষিরাজ সিংহের বাড়ি থেকে কী কী নথি উদ্ধার হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।