পদ্মভূষণে সম্মানিত অলকা ইয়াগনিক! প্রাপ্তির আনন্দের মাঝেও সুর হারানো নিয়ে আক্ষেপ গায়িকার

নব্বইয়ের দশকের জাদুকরী কণ্ঠের অধিকারী অলকা ইয়াগনিক ভারত সরকারের পক্ষ থেকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মভূষণ’-এ ভূষিত হলেন। মেয়ে সায়েশার কাছ থেকে এই সুখবর পেয়ে অভিভূত শিল্পী ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এই বড় প্রাপ্তির দিনেও বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির হাল নিয়ে নিজের হতাশা উগরে দিয়েছেন সাতবার ফিল্মফেয়ার জয়ী এই গায়িকা।

অলকার মতে, বর্তমানের র‍্যাপ, চড়া বিট আর রিমিক্সের ভিড়ে সঙ্গীত তার ‘আত্মা’ হারিয়ে ফেলেছে। তিনি মনে করেন, আজকের দিনে সুরের চেয়ে শোরগোলই বেশি প্রাধান্য পাচ্ছে। গত কয়েক বছর ধরে অলকাকে সেভাবে নতুন গানে পাওয়া যাচ্ছে না, যার নেপথ্যে রয়েছে এক যন্ত্রণাদায়ক লড়াই। ২০২৪ সালে তিনি নিজেই জানিয়েছিলেন যে, একটি ভাইরাল অ্যাটাকের কারণে তিনি বিরল ‘হিয়ারিং ডিসঅর্ডার’-এ ভুগছেন, যা তাঁর শ্রবণশক্তিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। অসুস্থতার কারণেই রহমান বা ইমতিয়াজ আলিদের মতো তাবড় পরিচালকদের প্রস্তাবও ফিরিয়ে দিতে হচ্ছে তাঁকে। শারীরিক বাধা থাকলেও ইউটিউবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই শিল্পী আজও সেই হারানো সুর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy