ঝকঝকে পরিষ্কার বাথরুম, অথচ ঢুকলেই নাকে আসছে উৎকট দুর্গন্ধ— এর চেয়ে অস্বস্তিকর আর কিছু হতে পারে না। অনেক সময় পর্যাপ্ত পরিষ্কার করার পরেও টয়লেটের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বা পাইপে আটকে থাকা বর্জ্যের কারণে দুর্গন্ধ দূর হতে চায় না। বিশেষ করে বাড়িতে অতিথি এলে এই পরিস্থিতি চরম বিব্রতকর হয়ে দাঁড়ায়।
কীভাবে রাসায়নিক খরচ কমিয়ে ঘরোয়া উপায়ে আপনার টয়লেটকে রাখবেন সুগন্ধি ও সতেজ? জেনে নিন ৫টি কার্যকর কৌশল:
১. অবহেলিত ‘রিম’ পরিষ্কার করুন টয়লেট কমোডের রিমের নিচের অংশটি (যেখান দিয়ে জল বের হয়) আমরা সাধারণত এড়িয়ে চলি। কিন্তু এখানেই লুকিয়ে থাকে সব জীবাণু ও দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। একটি শক্তিশালী ক্লিনার বা হারপিক দিয়ে রিমের নিচটা ভালো করে ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে ফ্লাশ করে দিন। দেখবেন দুর্গন্ধ ম্যাজিকের মতো গায়েব!
২. বেকিং সোডা ও ভিনেগারের কেরামতি টয়লেটের জেদি গন্ধ তাড়াতে এই মিশ্রণটি জাদুর মতো কাজ করে। প্রথমে কমোড বোলে এক কাপ সাদা ভিনেগার ঢালুন, তারপর দিন আধা কাপ বেকিং সোডা। মিশ্রণটি ১৫ মিনিট ওভাবেই রেখে দিন। রাসায়নিক বিক্রিয়ায় ভেতরে জমে থাকা ময়লা আলগা হয়ে যাবে। এরপর হালকা ঘষে ফ্লাশ করলেই বাথরুম হবে একদম ফ্রেশ।
৩. লুকানো জায়গার দিকে নজর দিন অনেক সময় গন্ধ বোল থেকে নয়, বরং পাইপের ‘এস-বেন্ড’ বা টয়লেট ট্যাঙ্কের ভেতরে জমে থাকা স্থির জল থেকে আসে। টয়লেট ট্যাঙ্ক মাঝে মাঝে ডিটারজেন্ট বা ভিনেগার দিয়ে পরিষ্কার করুন। পাইপের মুখ পরিষ্কার রাখতে গরম জল ও লবণের মিশ্রণ ব্যবহার করতে পারেন।
৪. পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা আর্দ্রতা ও গুমোট ভাব বাথরুমে ভ্যাপসা গন্ধ তৈরি করে। তাই বাথরুম ব্যবহারের পর অন্তত কিছুক্ষণ এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন অথবা জানালা খুলে দিন। পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করলে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায় না।
৫. প্রাকৃতিক এয়ার ফ্রেশনার বাজারচলতি দামী স্প্রে ব্যবহার না করে নিজেই তৈরি করুন ন্যাচারাল ফ্রেশনার। একটি ছোট কাঁচের বাটিতে কিছুটা বেকিং সোডা নিয়ে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল (যেমন লেবু বা ল্যাভেন্ডার) মিশিয়ে বাথরুমের কোণে রেখে দিন। এটি শুধু গন্ধ ঢেকে দেয় না, বরং বাতাস থেকে দুর্গন্ধ শোষণ করে নেয়। কফির গুঁড়ো বা লেবুর টুকরোও একই কাজ করে।
বাথরুমের পরিচ্ছন্নতা কেবল সৌন্দর্যের জন্য নয়, আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্যও অপরিহার্য। আজই ট্রাই করুন এই সহজ টিপসগুলো!