স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাটের ধার দেখে থতমত খেয়ে যাচ্ছেন বিশ্বক্রিকেটের বাঘা বাঘা বোলাররা। বিহারের সেই ‘ওয়ান্ডার কিড’ বৈভব সূর্যবংশীকে নিয়ে এখন উত্তাল আইপিএলের আঙিনা। রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিয়েই নিজের জাত চিনিয়ে দিয়েছেন এই বাঁ-হাতি ওপেনার। নিলামে ১.১ কোটি টাকায় বিক্রি হলেও, ফ্র্যাঞ্চাইজি কর্তারা জানিয়েছেন তাঁর জন্য ১০ কোটি টাকা পর্যন্ত খরচ করতেও তাঁরা প্রস্তুত ছিলেন!
১৫৭ কিমির গোলায় সাইটস্ক্রিন ওড়ানো ছক্কা! রাজস্থান রয়্যালসের হাই-পারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচা বৈভবের ট্রায়ালের এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। ট্রায়ালে ৬ ফুট লম্বা ফাস্ট বোলার এবং ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতির সাইডআর্ম স্পেশালিস্টের মুখোমুখি হয়েছিলেন বৈভব। জুবিন বলেন, “ওই বিধ্বংসী গতির বলটিকে অবলীলায় সাইটস্ক্রিনের ওপর দিয়ে ছক্কা হাঁকায় বৈভব। ওর প্রথম বলটি দেখেই আমার যশস্বী জয়সওয়াল আর সঞ্জু স্যামসনের কথা মনে পড়ে গিয়েছিল।” রেকর্ড ভাঙা-গড়ার কারিগর: বৈভবের উত্থান যেন কোনো রূপকথাকেও হার মানায়:
-
অভিষেক: মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক।
-
ইতিহাস: ১৪ বছর বয়সেই টি-২০ ক্রিকেটে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুক ওলটপালট করে দেন।
-
বিশ্বমঞ্চ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়।
-
বিরাটকেও টেক্কা: বাংলাদেশের বিরুদ্ধে ঝকঝকে ৭২ রান করে জুনিয়র ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ডও ছাপিয়ে গিয়েছেন এই কিশোর।
আসল পরীক্ষা ৩০ মার্চ: শনিবার থেকেই শুরু হচ্ছে আইপিএলের মহাযুদ্ধ। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। তবে ক্রিকেট প্রেমীদের নজর এখন ৩০ মার্চের দিকে। সেদিন চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। বিশ্বসেরা বোলারদের বিরুদ্ধে ১৫ বছরের এই কিশোর কতটা রুখে দাঁড়াতে পারেন, সেটাই এখন দেখার।
জুবিন ভারুচার মতে, বৈভবের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে আইপিএলের আধুনিক ডাটা ও কৌশলের যুদ্ধে নিজেকে ক্রমাগত উন্নত করাই হবে তাঁর আসল চ্যালেঞ্জ।