লাইফস্টাইল ডেস্ক: আমরা সবাই ভাবতে পছন্দ করি যে, আমরাই অফিসের সেরা সহকর্মী— যে কাজ ঠিকঠাক করে এবং পরিবেশ হালকা রাখে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, আপনার কোনো অজান্তে করা অভ্যাস অন্যদের জন্য কাজ করা কঠিন করে তুলছে কি না? পরচর্চা, নেতিবাচকতা বা অন্যের কৃতিত্ব কেড়ে নেওয়ার মতো আচরণ আপনাকে অজান্তেই ‘টক্সিক’ করে তুলতে পারে। আপনিও কি তেমনই একজন? মিলিয়ে নিন এই ৫টি লক্ষণ—
১. আপনি কি অফিসের ‘গসিপ কুইন’ বা কিং? যদি আপনার কথাবার্তা প্রায়ই “আমি ওর ব্যাপারে এটা শুনেছি” বা “কেউ বলছে না, কিন্তু…” দিয়ে শুরু হয়, তবে সাবধান! পরচর্চা অফিসে অবিশ্বাসের পরিবেশ তৈরি করে। নিজেকে প্রশ্ন করুন: “এই কথাগুলো আমাকে নিয়ে বলা হলে আমি কি মেনে নিতাম?” কাজের বিষয়ে ইতিবাচক আলোচনা আপনাকে সহকর্মীদের কাছে নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলবে।
২. অন্যের কৃতিত্ব নিজের পকেটে ভরা দলের সাফল্যকে যদি আপনি নিজের একক কৃতিত্ব হিসেবে দেখান, তবে আপনি বড় ঝুঁকি নিচ্ছেন। যারা কঠিন পরিশ্রম করল, তাদের নাম মুছে দিলে সম্পর্ক নষ্ট হতে বাধ্য। ‘আমি’-র বদলে ‘আমরা’ শব্দটির ব্যবহার শুরু করুন; দেখবেন মানুষের ভালোবাসা ও সম্মান কত দ্রুত ফিরে আসছে।
৩. সারাক্ষণ অভিযোগের ঝুলি খোলা কাজের চাপ থাকতেই পারে, কিন্তু সবসময় হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলা বা অভিযোগ করা সংক্রামক ব্যাধির মতো। এটি মিটিংয়ের সৃজনশীল শক্তি শুষে নেয় এবং সহকর্মীদের মনোবল ভেঙে দেয়। মনে রাখবেন, গঠনমূলক সমালোচনা আর শুধু অভিযোগ করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
৪. ভুলের দায় অন্যের ঘাড়ে চাপানো নিজের ভুল এড়িয়ে অন্যের ওপর দোষ চাপানো মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলে না। বরং নিজের ভুল স্বীকার করে সমাধানের পথ খুঁজলে সম্মান অনেক বাড়ে। সততাই পেশাদার জীবনে সাফল্যের সংক্ষিপ্ততম পথ।
৫. সূক্ষ্ম উপায়ে অন্যদের খাটো করা কথার মাঝে বাধা দেওয়া, কাউকে ইমেইলে সিসি (CC) করতে ‘ভুলে যাওয়া’ বা মিটিংয়ে সূক্ষ্মভাবে কারও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা— এই আচরণগুলো অন্যদের আত্মবিশ্বাস নষ্ট করে। যদি দেখেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনার অগোচরেই নেওয়া হচ্ছে, তবে বুঝবেন আপনার আচরণ অন্যদের দূরে ঠেলে দিচ্ছে।
কর্মক্ষেত্র শুধু কাজের জায়গা নয়, এটি একটি সম্পর্কের জায়গা। নিজের ভুলগুলো শুধরে নিয়ে একজন ইতিবাচক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুললে ক্যারিয়ারের পথ অনেক বেশি মসৃণ হয়।