কলকাতা মেট্রোর অতি প্রতীক্ষিত অরেঞ্জ লাইনের কাজে রাজ্য সরকারের টালবাহানা নিয়ে এবার চূড়ান্ত কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মাত্র ৩৬৬ মিটার লাইনের কাজ বাকি থাকায় বছরের পর বছর ঝুলে রয়েছে এই প্রকল্প। এই জট কাটাতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যের সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে কার্যত তুলোধোনা করেছে প্রশাসনকে।
ভর্ৎসনার মুখে রাজ্য:
আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে, জনস্বার্থের উন্নয়নমূলক কাজে অহেতুক রাজনৈতিক রঙ লাগানো কাম্য নয়। ডিসেম্বর মাসে দেওয়া নির্দেশ থাকা সত্ত্বেও কেন মার্চ মাসে নতুন করে ট্রাফিক ব্লকের অজুহাত দিয়ে সমস্যা তোলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। রাজ্য ও পুলিশের এই অনড় মনোভাবকে ‘যুক্তিহীন’ বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত।
বল এখন হাইকোর্টের কোর্টে:
সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়ে কোনও ত্রুটি নেই। এই প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা এবং অসমাপ্ত কাজ কীভাবে সম্পন্ন হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার হাইকোর্টকেই দেওয়া হয়েছে। ফলে, এখন হাইকোর্টের কড়া নজরদারিতেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কাটার সম্ভাবনা তৈরি হলো।