পেট্রল-ডিজেলের পর এবার পকেটে কোপ জোম্যাটোর! একধাক্কায় বাড়ল ‘প্ল্যাটফর্ম ফি’

সাধারণ মধ্যবিত্তের পকেটে ফের টান। জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে যখন বাজারদর আগুন, তখনই মরার ওপর খাঁড়ার ঘা দিল অনলাইন ফুড ডেলিভারি জায়ান্ট জোম্যাটো (Zomato)। শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে তাদের বর্ধিত ‘প্ল্যাটফর্ম ফি’। অর্থাৎ, এবার থেকে জোম্যাটো অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করলে গ্রাহকদের আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই ১৯ শতাংশ ফি বৃদ্ধি।
কত বাড়ল খরচ? শুক্রবার (২০ মার্চ) থেকেই জোম্যাটোর প্ল্যাটফর্ম ফি ১২ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৯০ পয়সা (প্রাক-জিএসটি) করা হয়েছে। জিএসটি সহ এই খরচ আরও কিছুটা বাড়বে। এর আগে শেষবার ২০২৫ সালের সেপ্টেম্বরে এই ফি বাড়িয়েছিল সংস্থাটি। মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের এই মূল্যবৃদ্ধি খাদ্যরসিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উল্লেখ্য, জোম্যাটোর প্রধান প্রতিদ্বন্দ্বী সুইগি (Swiggy) বর্তমানে অর্ডার পিছু ১৪ টাকা ৯৯ পয়সা প্ল্যাটফর্ম ফি নিয়ে থাকে। এই বৃদ্ধির ফলে দুই সংস্থার চার্জ এখন প্রায় একই স্তরে পৌঁছে গেল।
কেন এই মূল্যবৃদ্ধি? বিশেষজ্ঞদের মতে, এই দাম বাড়ানোর নেপথ্যে রয়েছে একাধিক কারণ।
মধ্যপ্রাচ্য সংকট: ইরান ও ইজরায়েলের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এর ফলে ডেলিভারি লজিস্টিকস এবং পরিবহণ খরচ অনেকটাই বেড়ে গিয়েছে।
এলপিজি সংকট: পশ্চিম এশিয়ার উত্তেজনার ফলে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহ ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে রেস্তোরাঁগুলোর ওপর।
মুনাফা বৃদ্ধি: সংস্থাটি তাদের ইউনিট ইকোনমিক্স বা প্রতিটি অর্ডার থেকে আয়ের পরিমাণ বাড়াতে চাইছে।
বিকল্পের সন্ধান জোম্যাটো এবং সুইগির এই চড়া ফি-র বাজারে স্বস্তি দিচ্ছে কিছু নতুন অ্যাপ। ম্যাজিকপিন (Magicpin) জানিয়েছে, তারা এখনই তাদের প্ল্যাটফর্ম ফি বাড়াচ্ছে না। অন্যদিকে, র্যাপিডো তাদের নতুন ফুড ডেলিভারি পরিষেবা ‘ওনলি’ (Ownly) শুরু করেছে, যেখানে কোনও অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি নেওয়া হচ্ছে না। তবে জোম্যাটোর এই সিদ্ধান্তের ফলে প্রতিদিনের লক্ষ লক্ষ অর্ডারের ওপর ভিত্তি করে সংস্থার আয় দিনে প্রায় ৪৮ লক্ষ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।