অস্ট্রেলিয়ান ওপেনের হারের হতাশা কাটিয়ে হার্ড-কোর্টে রাজকীয় প্রত্যাবর্তন করলেন ইয়ানিক সিনার। সোমবার ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের ফাইনালে রুশ প্রতিদ্বন্দ্বী দানিল মেদভেদেভকে স্ট্রেট সেটে (৭-৬, ৭-৬) হারিয়ে এক অনন্য নজির গড়লেন এই ইতালীয় তরুণ। নোভাক জকোভিচ ও রজার ফেডেরারের পর বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ড-কোর্টে সমস্ত (ছয়টি) এটিপি মাস্টার্স ১০০০ খেতাব জয়ের কীর্তি গড়লেন তিনি।
রেকর্ড বইয়ে সিনারের এই জয়টি স্পেশাল কারণ, ফেডেক্স (৩০ বছর) এবং জোকার (৩১ বছর) যেখানে এই মাইলফলক ছুঁয়েছিলেন, সেখানে মাত্র ২৪ বছর বয়সেই সিনার তা স্পর্শ করলেন। এছাড়া আরও এক অবিশ্বাস্য নজির গড়েছেন তিনি—বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে টানা দুটি এটিপি মাস্টার্স ১০০০ খেতাব জিতলেন কোনো সেট না খুইয়ে! নভেম্বরে প্যারিস মাস্টার্সের পর ইন্ডিয়ান ওয়েলসেও তিনি অপরাজিত চ্যাম্পিয়ন।
এই জয়ের ফলে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা কার্লোস আলকারাজের সঙ্গে পয়েন্টের ব্যবধানও অনেকটাই কমিয়ে আনলেন সিনার। ম্যাচের পর আবেগঘন ইতালীয় তারকা বলেন, “দলের কঠোর পরিশ্রমেরই ফল এই জয়। দানিলকে লড়াকু মেজাজে ফিরতে দেখে ভালো লাগছে।” ফাইনালে হারলেও এই পারফরম্যান্সের সুবাদে এটিপি র্যাঙ্কিংয়ের প্রথম দশে প্রত্যাবর্তন নিশ্চিত হলো মেদভেদেভের।