আরও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ! ৫ নতুন পর্ষদ গঠনের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার পিছিয়ে পড়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আরও পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি জানান, মুণ্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC)—এই পাঁচটি সম্প্রদায়ের জন্য সরকার নতুন পর্ষদ গঠন করতে চলেছে।
মুখ্যমন্ত্রী জানান, এই পর্ষদগুলো সংশ্লিষ্ট সম্প্রদায়ের অনন্য ভাষা ও ঐতিহ্যকে রক্ষা করার পাশাপাশি তাঁদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করবে। তাঁদের প্রথাগত অধিকার রক্ষা করে আর্থ-সামাজিক অগ্রগতির পথ প্রশস্ত করাই এর মূল লক্ষ্য। ২০১৩ সাল থেকেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এমন বহু পর্ষদ গঠন করেছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।
মুখ্যমন্ত্রীর কথায়, “মা-মাটি-মানুষের প্রতি আমাদের অঙ্গীকারের অর্থ হল—কোনো সম্প্রদায়ই যেন উন্নয়নের দৌড়ে পিছিয়ে না পড়ে।” অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।