চাকরি হারাবেন মহিলারা? বাধ্যতামূলক ঋতুকালীন ছুটির পিআইএল নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের

কর্মজীবী নারী ও ছাত্রীদের জন্য বাধ্যতামূলক ঋতুকালীন ছুটির দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আইন করে এই ছুটি বাধ্যতামূলক করলে হিতে বিপরীত হতে পারে। আদালত পর্যবেক্ষণ করেছে, এর ফলে নিয়োগকর্তারা মহিলা কর্মী নিয়োগে নিরুৎসাহিত হতে পারেন, যা দীর্ঘমেয়াদে মহিলাদের পেশাগত উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে।
শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর দায়ের করা এই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, কোনো কোম্পানি স্বেচ্ছায় এই সুবিধা দিলে তা প্রশংসনীয়, কিন্তু আইনি বাধ্যবাধকতা থাকলে কর্মক্ষেত্রে মহিলাদের সুযোগ কমে যেতে পারে। তিনি বলেন, “আপনি এমন এক ধারণা তৈরি করছেন যেন মহিলারা পুরুষদের সমকক্ষ নন এবং মাসের একটি নির্দিষ্ট সময়ে কাজ করতে অক্ষম।”
আদালত আবেদনকারীকে ভর্ৎসনা করে জানায়, কোনো ভুক্তভোগী নারী নিজে এই আবেদন করেননি, বরং এটি একটি ‘সুপরিকল্পিত’ জনস্বার্থ মামলা। আদালত আবেদনকারীকে পরামর্শ দেয়, সরকারকে এই বিষয়ে সকল অংশীজনদের সাথে আলোচনা করে নীতি নির্ধারণের অনুরোধ জানানো যেতে পারে।