পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড়সড় বদলের ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। দীর্ঘ সময় ধরে চলা বহু দফার নির্বাচনের প্রথা ভেঙে, এবার মাত্র দুই দফায় ভোট পরিচালনার কথা ভাবছে কমিশন। বৃহস্পতিবার কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। দিল্লি থেকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সম্প্রতি রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই বৈঠকেই বিজেপি, বাম ও কংগ্রেস—প্রায় সব বিরোধী দলই সর্বোচ্চ দুই দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল। এমনকি নিরাপত্তা বাহিনীর আধিকারিকরাও এই একই পরামর্শ দিয়েছেন বলে খবর। কমিশনের এক শীর্ষ আধিকারিকের মতে, নির্বাচনের সময় হিংসা ও অশান্তি এড়াতে দফা কমানো জরুরি। কারণ, দফা বেশি হলে দুষ্কৃতীদের এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে গোলমাল পাকানোর সুযোগ বেড়ে যায়।
তবে কি এক দফায় ভোট অসম্ভব? এই প্রশ্নের জবাবে কমিশন জানায়, ২০২৪ সালে মহারাষ্ট্রের মতো বড় রাজ্যে এক দফায় নির্বাচন হলেও, পশ্চিমবঙ্গের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে এবারের নির্বাচনে এক দফার সম্ভাবনা খুবই কম। শাসকদল তৃণমূল কংগ্রেস দফার বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও, কমিশন রাজ্য প্রশাসনের কাছে নির্বাচনের আগে ও পরে কঠোর নিরাপত্তার আশ্বাস পেয়েছে। সব মিলিয়ে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কমিশন এবার বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।